জ্বালানি সংকটে চীনে প্লাস্টিকের দাম আকাশচুম্বী; বাজারে বেড়েছে অস্থিরতা

চীনের প্লাস্টিক মার্কেট
চীনের প্লাস্টিক মার্কেট | ছবি: এখন টিভি
0

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে মুখ থুবড়ে পড়েছে চীনের প্লাস্টিক শিল্প। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দক্ষিণ চীনে প্লাস্টিক সামগ্রীর দাম বেড়েছে বহুগুণ। অনেক প্রতিষ্ঠান পণ্য মজুত করায় বাজারে সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। উচ্চ দামের কারণে বাতিল হচ্ছে ক্রয়াদেশ।

বিশ্বের বৃহত্তম প্লাস্টিক উৎপাদক, ভোক্তা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিকারক দেশ চীন। বিশ্বের মোট প্লাস্টিক পণ্যের প্রায় অর্ধেক উৎপাদন হয় চীনে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খাতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। যার বিরূপ প্রভাব পড়েছে চীনের প্লাস্টিক শিল্পে।

জ্বালানি সংকটে প্লাস্টিকের কাঁচামালের দাম বেড়েছে বহুগুণ। এছাড়া, বিপুল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করাও এখন পড়েছে চ্যালেঞ্জের মুখে। যুদ্ধে কাঙ্ক্ষিত সমাধান না আসায় সংকটে চীনের প্লাস্টিক উৎপাদনের শহরগুলো।

অপরিশোধিত তেলের দাম বাড়ায় দক্ষিণ চীনে বাড়ছে প্লাস্টিক উৎপাদন খরচ। এতে কমছে প্রতিষ্ঠানগুলোর মুনাফা। দেশটির বৃহত্তম প্লাস্টিক বাণিজ্য কেন্দ্র ঝাংমুতোউয়ে যুদ্ধ শুরুর পর প্লাস্টিকের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ।

আরও পড়ুন:

গুয়াংডং রংসু নিউ মেটেরিয়ালস কোং লিমিটেডের মহাব্যবস্থাপক পেং জিন বলেন, ‘দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। সাধারণত প্রতি বছর কিছু পণ্য কারখানায় নিরাপত্তা হিসেবে মজুত রাখা হয় । এখন সেই মজুতও শেষ হয়ে গেছে পণ্যের চাহিদা মেটাতে এখন বাধ্য হয়ে চড়া দামে কাঁচামাল কিনতে হচ্ছে। এতে পণ্যের উচ্চমূল্য গ্রাহকদের ওপর পড়ছে।’

দাম আরও বাড়ার আশঙ্কায় প্লাস্টিক পণ্য কেনাকাটার হিড়িক পড়েছে। কারখানার মজুত শেষ হলেও, কাঁচামালের চড়া দামে পণ্য উৎপাদন করতে পারছে না অনেক প্রতিষ্ঠান। আতঙ্কিত হয়ে অনেকে পণ্য মজুতের দিকে ঝুঁকছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ।

বেশি দাম ছাড়া কেউ পণ্য সরবরাহ করতেও এখন রাজি হচ্ছে না কেউ ফলে সময়মতো পণ্য সরবরাহ করাও সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রে বলে জানান ব্যবসায়ীরা।

অপরিশোধিত তেল ও কাঁচামালের ঘাটতির কারণে বাড়ছে পণ্যের দাম। এর ফলে আগের ক্রয়াদেশগুলো বাতিল করছে বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন চুক্তিতে বেশি দামের অর্ডার নিতে বাধ্য হচ্ছে প্লাস্টিক কোম্পানিগুলো।

জেআর