Recent event

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসূ, তবু রাশিয়ার সামরিক হুঁশিয়ারি

আবুধাবিতে রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফা
আবুধাবিতে রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফা | ছবি: এখন টিভি
0

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দফার বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি ওয়াশিংটন ও কিয়েভের। জেলেনস্কি শান্তির কথা বললেও কার্যকর সমাধান না আসা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি রাশিয়ার।

চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সংকট নিরসনে আলোচনার টেবিলে বসেছে বহুবার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় এবার সংযুক্ত আরব আমিরাতে দুইদিনব্যাপী বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার এই বৈঠকের প্রথম দিনের আলোচনা শেষে আশার কথা শুনিয়েছেন কিয়েভ, ওয়াশিংটন দুপক্ষই।

বৈঠক শেষে ইউক্রেনের প্রধান প্রতিনিধি রুস্তেম উমেরভ জানান, বৈঠকটি বাস্তবসম্মত ও ফলপ্রসূ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি বাস্তবায়নে জোর দেওয়ার পাশাপাশি রাশিয়ার ওপ চাপ বাড়াতে অংশীদারদের প্রতি আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের অবস্থান খুবই স্পষ্ট। যুদ্ধের প্রকৃত অবসান ঘটাতে হবে। রাশিয়াকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। অংশীদারদেরও নিরাপত্তার নিশ্চয়তা এবং আক্রমণকারীর উপর চাপ বাড়িয়ে এটি নিশ্চিত করতে হবে।’

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা। তবে কার্যকর সমাধান না আসা পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

আরও পড়ুন:

অন্যদিকে, চলমান আলোচনায় বেশকিছু বিষয়ে অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি মার্কো রুবিও। ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমরা মনে করি, সত্যিকার অর্থে বেশ কিছু বিষয়ে অগ্রগতি এসেছে। গত বছরের আলোচনার সঙ্গে এ বছরের আলোচনার তুলনা করলে দেখা যাবে শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাজেই এটি একটি সুসংবাদ।

জেলেনস্কি বলছেন, রাশিয়া ট্রাম্পকে দেয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তবে জেলেনস্কির এ দাবি মানতে নারাজ ট্রাম্প।

এদিকে গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫৩টি এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে সামরিক জ্বালানি অবকাঠামো, দূরপাল্লার ড্রোন সংরক্ষণাগার এবং উৎক্ষেপণ স্থান, ইউক্রেনীয় সেনা ঘাটি। অন্যদিকে, ইউক্রেন জানায়, সম্মুখসারিতে ১৫৩টি সংঘর্ষ হয়েছে। ইউক্রেনীয় বাহিনী একাধিক ফ্রন্ট থেকে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে এবং ১ হাজার ৩শ ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য ৯০ বিলিয়ন ইউরোর ঋণ দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন একটি চুক্তিতে পৌঁছেছে। ২০২৬-২০২৭ সালের মধ্যে ইউক্রেনকে ঋণ প্রদানের প্রস্তুতি নিচ্ছে ইইউ।

জেআর