কলোসিয়াম মেট্রো সংযোগে বদলে গেছে রোম, ব্যবসায় নতুন গতি

রোমের কলোসিয়াম
রোমের কলোসিয়াম | ছবি: এখন টিভি
0

ইতালির রাজধানী রোমে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক গতির মেলবন্ধন ঘটালো কলোসিয়াম-ফোরি ইম্পেরিয়ালি মেট্রো সি লাইন। পর্যটকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলোসিয়াম স্টেশনের নতুন সংযোগ চালু হওয়ায় বদলে গেছে যাতায়াত ও ব্যবসার চিত্র।

রোমের কলোসিয়াম-ফোরি ইম্পেরিয়ালি মেট্রো স্টেশন কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি আধুনিক প্রযুক্তিতে মোড়া একটি আস্ত আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম।

আধুনিক স্টেশনের ভিড়ের মধ্যেই যাত্রীরা মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখে নিচ্ছেন কলোনিয়াল যুগের সেই গৌরবময় অধ্যায়। মেট্রো স্টেশনের ভেতরে কাঁচের ঘেরা শো-কেসগুলোতে রাখা প্রাচীন মৃৎপাত্র, রোমান মুদ্রা এবং ভাস্কর্যের অংশ বিশেষ।

স্টেশনটির দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাসের কালরেখা বা টাইমলাইন। লোহার বর্ম, মার্বেলের মেঝে, আর মাটির সুপ্রাচীন অলঙ্কার—সবই পাওয়া গেছে এই স্টেশনের খননকাজ থেকে।

আরও পড়ুন:

প্রযুক্তির ছোঁয়ায় এখানে প্রতিটি নিদর্শনের পাশে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যা জানিয়ে দিচ্ছে তার পেছনের গল্প।

স্টেশন থেকে বেরোলেই সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কলোসিয়াম পর্যটকদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা।

কলোসিয়াম সংলগ্ন রেস্তোরাঁ, স্যুভেনিয়ার শপে ক্রেতার সংখ্যা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। এতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা।

প্রবাসীদের মধ্যে একজন বলেন, ‘মেট্রো সি হওয়াতে দূর-দূরান্ত থেকে লোকজন এখানে আসছে। শুধু কলোসিয়াম দেখতেই আসে না। এখানে মেট্রো সি এর বেতরে যে জাদুঘর আছে, সেটাও দেকতে অনেক পর্যটক ভিড় করছে সেই সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য এই সিজনে আরও বেশি ভালো করার প্রত্যাশা করছি।’

আরও পড়ুন:

ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন কলোসিয়াম মেট্রো সি। রোম কর্তৃপক্ষ প্রমাণ করে দিয়েছে যে, উন্নয়নের পথে ইতিহাসকে বিসর্জন নয়, বরং তাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়া সম্ভব। কলোসিয়াম মেট্রো সি এখন তাই কেবল পর্যটকদের নয়, ইতিহাসপ্রেমীদের কাছেও এক নতুন তীর্থস্থান।

আধুনিক রোমের নির্মাণে মেট্রো সি কেবল একটি ট্রেন লাইন নয়, বরং এটি ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে এক মজবুত সেতু। যা ত্বরান্বিত করছে পর্যটন শিল্পের বিকাশ।

এসএস