সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে সোমবার (২৩ মার্চ) থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবারের প্রবল বৃষ্টির পর দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। রাস আল খাইমাহর জেবেল জাইসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোরেও আবুধাবি, আল আইন, দুবাই, শারজাহ, আজমান ও রাস আল খাইমাহসহ আশপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে কিছু এলাকায় পানি জমে যায় এবং কয়েকটি স্থানে যানবাহন আটকে পড়তে দেখা গেছে।
আরও পড়ুন:
এদিকে নিচু এলাকাগুলোতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কাজ শুরু করেছে দেশটির পৌর কর্তৃপক্ষ। অস্থিতিশীল আবহাওয়ার সময় বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। গাড়িচালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে এবং কম দৃশ্যমানতার সময় হেডলাইট জ্বালিয়ে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যাপ্রবণ এলাকা, উপত্যকা এবং খোলা বা উঁচু স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র শুক্রবার পর্যন্ত দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। বিভিন্ন স্থানে বজ্রপাত ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনের মতো এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে।
প্রতিকূল আবহাওয়ার সময় সরকারি নির্দেশ অমান্য করে বিপজ্জনক, জলমগ্ন এলাকা বা উপত্যকায় অবস্থান করলে সর্বোচ্চ দুই হাজার দিরহাম জরিমানা এবং গাড়ি জব্দের বিধান রয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সাধারণ মানুষকে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে।





