টানা সপ্তম দিনেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে
গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে | ছবি: রয়টার্স
0

টানা ৭ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন। এছাড়া, মার্কিন হামলায় জাস্ক অঞ্চলে পানি সরবরাহ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকটে পড়েছে ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা। এদিকে, ওয়াশিংটনের হামলার জবাবে জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রে আগুন লাগার খবর পাওয়া গেছে।

তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে,- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই ইরানের ওপর হামলা জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতেও ৭ম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিলো।

তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বান্দার আব্বাস, সিরিক, বুশেহর ও জাস্কের পাশাপাশি কেশম দ্বীপ এবং মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাসের বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলো। এতে পানি সংকটে পড়েছে ইরানের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। এছাড়াও হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ইরানের ওপর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তারা জানায়, এবারে হামলা লক্ষ্যবস্তুতে ছিলো ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌ-শক্তিগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বন্দর খামির ও গারি শিখের বেশ কয়েকটি সেতু।

এদিকে, সারারাত ধরে চলা মার্কিন হামলার জবাবে যথারীতি জর্ডান, কুয়েত, বাহরাইনে ও সৌদি আরবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। আর প্রতিহত করারও দাবি করেছে তারা। উদ্ভূত এ পরিস্থিতিতে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে দেশগুলো। তবে ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে আগুন লেগেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র যদি ইরানে বোমা হামলা অব্যাহত রাখে, তবে তেহরান এ সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দেবে বলে সতর্ক করেছে ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান তার প্রতিশোধমূলক হামলা সীমিত রেখেছে, কিন্তু এটি বেশিদিন স্থায়ী হবে না।

এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় একটি থাই পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে বুশেহরের ডেপুটি গভর্নর বলেছেন, কার্গো দ্বীপে নোঙর করা একটি ইরানি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

অবশ্য ইরানের রাষ্ট্রীয় ফার্স এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকার আগুন লাগার ঘটনা ঘটে। তবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে সেন্টকম। এদিকে সামুদ্রিক ট্র্যাফিট ডাটায় দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় এ প্রণালি দিয়ে মাত্র ৬টি জাহাজ অতিক্রম করেছে।

জেআর