মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তেহরান আলোচনায় ফিরবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। তাই মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন পরই ফের ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অ্যাক্সিসের পর এবার মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন দাবি দ্য আটলান্টিকের। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন কারখানা, অস্ত্রাগার, জ্বালানি অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা।
এছাড়াও হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে পত্রিকাটির দাবি, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের নির্বাচনের আগে আরও এক দফা ইরানে হামলার জন্য চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।
অন্যদিকে, এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ফের ইরানে হামলা চালালে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর, পাইপলাইনসহ অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেহরান।
এরপরই যুদ্ধের ভয়াবহ পরিণতির নিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করলেন ইরানের স্পিকার বাঘের গালিবাফ। গালিবাফ মার্কিন নীতিনির্ধারক এবং জনগণকে উদ্দেশ্য করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে চড়া অর্থনৈতিক ও সামরিক মূল্য দিতে হবে।
এদিকে, কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন-ইসরাইলের সামরিক সম্পর্ককে ‘পরজীবী’ আখ্যা দিয়েছেন। এক পোস্টে আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্র গত তিন বছরে ‘ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার জন্য মার্কিন করদাতাদের ১১ বিলিয়ন ডলার’ ব্যয় করেছে। ইসরাইলকে রক্ষা করতে ওয়াশিংটন ইসরায়েলের চেয়েও বেশি ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে।
এরমধ্যে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বহুপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ,সৌদি আরবসহ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, হরমুজ পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে প্রথমবারের মতো আর-ফোর ও ই-থ্রি-এই দুটি জোট যৌথভাবে আলোচনায় বসলো।
এদিকে, আইআরজিসি জানিয়েছে, উত্তর পারস্য উপসাগরে চারটি জাহাজ মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়েছে। এছাড়া হরমুজ়ে আরও তিনটি জাহাজ, আইআরজিসির হামলায় বিস্ফোরণ ঘটে। যদিও ইরানের এমন দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন কর্তৃপক্ষের মতে, নির্বাচন ও তেলের দাম বাড়াতে ইরান এ ধরনের ভুয়া তথ্য ছড়াচ্ছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি, সৌদি আরবের তেল স্থাপনায় হুতিদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ফের ইরানে হামলার পরিকল্পনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের বেড়েছে। ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম বেড়ে ৯৯.৮০ ডলারে ডলারে পৌঁছেছে।





