ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

ভূমিকম্পে নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে
ভূমিকম্পে নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে | ছবি: এএফপি
0

সাত মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পের তাণ্ডবে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এ পর্যন্ত ২৩৫ জনের মরদেহ উদ্ধার হলেও ধসে পড়া ভবনের নিচে আটকে আছে বহু মানুষ। আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, ভূমিকম্পে এক লাখেরও বেশি প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রেডক্রস।

ভেনেজুয়েলার প্রাণ কারাকাসের আদল পাল্টে গেছে ৪০ সেকেন্ডের মধ্যে। ৭.২ আর তারপর ৭.৫- শক্তিশালী মাত্রার দুই ভূমিকম্পের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী। ধসে গেছে কয়েকশ ভবন। আর এই ভগ্ন শহরে সাহায্যের জন্য মরিয়া অগণিত মানুষ।

আতঙ্কে এখনও স্বাভাবিক হতে পারছে না প্রত্যক্ষদর্শীরা। প্যানিক এটাক নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে। আর যাদের স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের জন্য নরক নেমে এসেছে চোখের পলকে।

এরমধ্যেই, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, মারাত্মক এই দুর্যোগে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা অন্তত ৩০ শতাংশ।

আরও পড়ুন:

এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাওয়া ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেডক্রস ও জাতিসংঘের বিশেষ দল এরইমধ্যে উদ্ধার অভিযান সমন্বয়ের জন্য এগিয়ে এসেছে। যোগ দিয়েছেন স্থানীয়রাও।

কারাকাসসহ বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ এখনও বন্ধ আছে। বিদ্যুৎবিহীন অবস্থায় বহুমানুষ। বন্ধ কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর। দেশজুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ট্রেন ও মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকবে। এই সপ্তাহের বাকি দিনগুলোর জন্য স্থগিত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসও।

দেলসি রদ্রিগেজ বলেন, ‘আমাদের জনগণের জন্য অত্যন্ত সংবেদনশীল এই মুহূর্তে, যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইভাবে, আমরা জনগণের কাছে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। যেসব বাড়ির কাঠামোগত গুরুতর ক্ষতি হয়েছে, সেগুলো অবশ্যই খালি করতে হবে। এই মুহূর্তে সবার নিরাপত্তায় জরুরি অবস্থা করা হয়েছে।’

এরইমধ্যে ভেনিজুয়েলায় উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ভারত ও চিলিসহ বেশ কিছু দেশ। অভিযানে অংশ নিতে ভেনেজুয়েলা যাচ্ছে মার্কিন জরুরি উদ্ধারকারী দল।

এসএস