নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল | ছবি: এখন টিভি
1

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আইন মন্ত্রণালয় থেকে আজ (বুধবার, ২৫ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনবার (২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টে প্রাকটিসের অনুমতি পান এবং ২০০৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

আরও পড়ুন:

ব্যারিস্টার কাজল বহু গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলায় অভিজ্ঞ। জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানিতে তার সাবমিশন বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সাংবাদিকতা ও কূটনীতিতে অভিজ্ঞতা রয়েছে। ২০০৩-২০০৬ সালে তিনি বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:

শিক্ষাজীবনে ব্যারিস্টার কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম পাশ করেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন এবং সিটি ইউনিভার্সিটি থেকে আইনশিক্ষা সম্পন্ন করেন এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার-এট-ল’ সনদ অর্জন করেন।

ব্যারিস্টার কাজল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন।

এর আগে, গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এএইচ