Recent event

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস-মাছ দেবে সরকার: খাদ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: সংগৃহীত
0

পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লাখের বেশি পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ালে নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়ে। এ প্রেক্ষাপটে সরকারের উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে এ কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব।’ একইসঙ্গে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনএইচ