গত ১৬ ফেব্রুয়ারি জারি করা এক অফিস আদেশে ডিএমটিসিএল জানায়, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। সবশেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায়। এ পথে শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিটে।
দিনভর যাত্রীচাপ বিবেচনায় ট্রেনের মধ্যবর্তী সময় বা ‘হেডওয়ে’ নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ২০ মিনিটের মধ্যে। অফিস সময়ের ব্যস্ততম পর্বে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধে শিথিলতাও আনা হয়েছে। এখন থেকে যাত্রীরা স্টেশন এলাকা কিংবা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যাতে মেঝেতে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার বহন বা গ্রহণের অনুমতি থাকছে না।
সংস্থাটি আরও জানিয়েছে, সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনে ট্রেন চলাচল আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন সময়সূচি কেবল কর্মদিবসে প্রযোজ্য।





