মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৯ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ অবস্থিত প্রবাসী কল সেন্টারে এ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন:

অফিস আদেশে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল।

এছাড়া নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জেআর