কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন, ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনমাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসসকে জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে কাপ্তাই হ্রদে তিনমাসের জন্য মৎস্য আহরণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মধ্যরাত থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তিনি জানান, মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারিভাবে খাদ্যশস্য বিতরণ করা হবে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন- বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, আজ ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মৎস্য অবতরণ করা যাবে। তিনি বলেন, আগামী ২ মে থেকে কাপ্তাই হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হবে।—বাসস





