সংসদের দ্বিতীয় অধিবেশন ১ জুন ও বাজেট ঘোষণা ৪ জুন হতে পারে: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম মণি
চিফ হুইপ নূরুল ইসলাম মণি | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ১ জুন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। একইসঙ্গে ৪ জুন আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

চিফ হুইপ বলেন, ‘আইন অনুযায়ী এই অধিবেশনের পরে বসার কথা, সাধারণত ২০ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে সংসদ ডাকা হয় মে মাসে। কিন্তু এক্ষেত্রে তা সম্ভব হবে না ঈদের কারণে। সেজন্য আমরা ১ তারিখেই (জুনের ১ তারিখ) পার্লামেন্ট ডাকবো বলে আমার ধারণা। এটা আমার ব্যক্তিগত ধারণা। হয়তো ১ তারিখেই পার্লামেন্ট সাবমিট করবে এবং আমি ধারণা করি ৪ তারিখেই (জুনের ৪) হয়তো বাজেট দেয়া হবে।’

তিনি বলেন, ‘সবসময়ই আমি বলি যে নেগেটিভ নিউজকে আমরা চর্চা করি সব সময়। এই চর্চাটা করাটাই আমাদের জাতির ক্ষতি অন্য সব দিক থেকে। ধরুন, বিএনপি গভর্নমেন্ট থাকলো না আর জামায়াতের সঙ্গে গণ্ডগোল হলো, বেনিফিট কার হবে? বেনিফিট হবে অন্য মানুষের, ক্ষতি হবে এই দেশের। কাজেই এই যে ঐক্যবদ্ধ হয়েছে আজকের সংসদ, সেটি হলো সবচেয়ে বড় নিউজ হবে আজকের দিনে। যে বিরোধীদল, সরকার ঐক্যবদ্ধভাবে দেশের সব সমস্যার সমাধান করতে চায়।’

আরও পড়ুন:

নূরুল ইসলাম মণি বলেন, ‘কোনো সময় ভবিষ্যৎ নিয়ে তো আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না কোনো প্রফেট ছাড়া। আজকের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেই বার্তা যদি আমরা সবাই অনুধাবন করি, বিরোধীদলের নেতারা এবং সংসদ সদস্যরা যদি অনুধাবন করেন তাহলে আমি মনে করি এর থেকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, ইনশা আল্লাহ।’

সংসদে প্রধানমন্ত্রী প্রায় ৩১৭টি প্রশ্নে উত্তর দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই সংসদ অধিবেশনে আমরা ১২ তারিখে (১২ মার্চ) বসেছি, আজকে শেষ হয়েছে। আজকে এক মাস ১৮ দিন ধরে আমরা সংসদ করেছি। তার মধ্যে একটা বন্ধ আছে এবং আমরা ১৯৩টা—১৩৩টা অধ্যাদেশের সুরাহা করেছি। এটা ফিগার আপনারা মনে রাখবেন, ১৩৩টা অধ্যাদেশ। তার মধ্যে আজকের দুইটা বিলসহ মোট ৯৪টা বিল আমাদের পাশ করতে হয়েছে। প্রধানমন্ত্রী প্রায় ৩১৭টা প্রশ্নের জবাব দিয়েছেন। এপ্রোক্সিমেটলি নট ১০০ পারসেন্ট কারেক্ট বলছি। সব মন্ত্রীরা ১৭৭০টা প্রশ্নের জবাব দিয়েছেন।’

এসএস