বাংলাদেশ চাইলে দ্রুতই বাস্তবায়ন হবে তিস্তা প্রকল্প: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন | ছবি: সংগৃহীত
0

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, তত দ্রুতই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা জানান তিনি।

এসময় তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের উদ্বেগ থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘তিস্তা নদী প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প।’

তিনি বলেন, অতীতে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই নিয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা থাকলেও এবার বিষয়টি দুই দেশের সরকার পর্যায়ে অগ্রসর হয়েছে। নদী ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তা দিতে চীন সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও দাবি করেন, শি জিনপিং এবং তারেক রহমানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন ‘টু প্লাস টু’ আলোচনা ও সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে, যা দুই দেশের পারস্পরিক আস্থা আরও জোরদার করেছে।

এছাড়া তিনি জানান, ব্রিকস জোটে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রচেষ্টায় চীন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

জেআর