ঢাকা-আরিচা মহাসড়ক দুর্গন্ধমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে: শাহে আলম

বর্জ্য পরিদর্শন করছেন মীর শাহে আলম
বর্জ্য পরিদর্শন করছেন মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
0

প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা-আরিচা মহাসড়ককে দুর্গন্ধমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শনিবার, ১১ জুলাই) সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙ্গা ব্রিজ এলাকায় বর্জ্যের দুর্গন্ধে ভোগান্তিতে ছিলেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি পরিবর্তনে সরকারের উদ্যোগের অংশ হিসেবে শনিবার এলাকা পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মহাসড়ককে দুর্গন্ধযুক্ত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। সাভারবাসীকে বর্জ্যের দুর্গন্ধ থেকে মুক্তি দিতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন:

একইসঙ্গে ভবিষ্যতে কেউ মহাসড়কের পাশে নতুন করে বর্জ্য ফেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরে প্রতিমন্ত্রী সাভারের আলমনগর এলাকায় আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

এর আগে গত ৭ জুলাই প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ তার দৃষ্টিগোচর হয়। এসময় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এসএস