বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত

চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল
চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল | ছবি : সংগৃহীত
0

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ (রোববার, ১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের জুনিয়র মেয়েরা।

এ সাফল্য দেশের নারী হকির অগ্রযাত্রাকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন। এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরও বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানান।

আইএসপিআর আরও জানায়, দেশের হকির উন্নয়ন ও খেলোয়াড়দের বিকাশে ফেডারেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিমান বাহিনী প্রধানও এ বিষয়ে নিয়মিত দিকনির্দেশনা ও উৎসাহ দিয়ে আসছেন।

এতে আরও বলা হয়, ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তাদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য আনতরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানে সরকারি সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক হকি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়, বিশেষ করে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

এফএস