বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে যান চলাচল সীমিত

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

বঙ্গভবনে আজ (শুক্রবার, ২১ আগস্ট) সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমীর খসরুর সই করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের চলাচল নির্বিঘ্ন রাখতে এই বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

এছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এ জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে

জেআর