রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও সৌদি রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ও সৌদি রাষ্ট্রদূত | ছবি: সংগৃহীত
1

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে জানান, সাক্ষাৎকালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত।

সাক্ষাতে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশি হজযাত্রীদের সফর আরও সহজ করতে বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগার সুবিধা উন্নয়নের আহ্বান জানান রাষ্ট্রপতি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত।

সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে আরও জনশক্তি নেয়ার আহ্বান জানান তিনি।

এসময় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি সহযোগিতা, সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

জেআর