রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি | ছবি: সংগৃহীত
0

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির মাধ্যমে এই অভিনন্দন বার্তা দেয়া হয়।

অভিনন্দনবার্তায় জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

চিঠিতে সানায়ে তাকাইচি উল্লেখ করেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান ও বাংলাদেশ দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে। এক নির্ভরযোগ্য বন্ধু হিসেবে জাপান বাংলাদেশের রাষ্ট্র গঠন ও উন্নয়ন প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে আসছে।

চিঠিতে আরও বলা হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে জাপান প্রতিশ্রুতিবদ্ধ।

অভিনন্দনবার্তায় বাংলাদেশের অধিকতর সমৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন জাপানের প্রধানমন্ত্রী।

এএম