‘পাঁচ বছরে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার’

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, আগামী পাঁচ বছরে স্বেচ্ছাপ্রণোদিত উদ্যোগের মাধ্যমে ১ কোটির বেশি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা নিয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা।

আজ (শনিবার, ২৯ আগস্ট) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সরকারের পঞ্চবার্ষিক অর্থনৈতিক কৌশল নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘এক গ্রাম এক পণ্য— ধারণার মাধ্যমে সারা দেশে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি জানান, নার্স ও চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি কিডনি ডায়ালিসিস ও সিসিইউর মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ জনবল তৈরি করা হবে। এছাড়া প্রতিবন্ধী মানুষের নিবন্ধন ও সেবা বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে সাধারণ মানুষকেও বিদ্যুৎ উৎপাদনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এসএইচ