নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়বে, ‘দুঃসংবাদও’ আছে

পে-স্কেল
পে-স্কেল | ছবি: এখন টিভি
0

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে নতুন চাকরিজীবী ও বর্তমানে কর্মরতদের বেতন বৃদ্ধির হিসাব এক হবে না। কারণ পুরোনো কর্মচারীদের বর্তমান মূল বেতন, চাকরির মেয়াদ ও বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নতুন বেতন নির্ধারণ হবে। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলে বর্তমানে পাওয়া ১০ থেকে ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বা বিশেষ ইনক্রিমেন্ট আর থাকছে না।

নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য চলতি বছরের জুলাই থেকে নতুন বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে আরও ৩০ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে অবশিষ্ট ৩০ শতাংশ কার্যকর হবে। অন্যদিকে, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রথম ধাপে ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে।

সব গ্রেডের নতুন হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। একই সঙ্গে বর্তমানে চালু থাকা ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বাতিল হবে।

নবম গ্রেডে বেতন ২২ থেকে ৪৪ হাজার

বিসিএস ক্যাডারসহ অধিকাংশ কর্মকর্তা সাধারণত নবম গ্রেডে চাকরি শুরু করেন। এত দিন এই গ্রেডের মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন কাঠামোয় শুরুর মূল বেতন হবে ৪৪ হাজার টাকা।

নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকর হলে একজন নবম গ্রেডের নতুন চাকরিজীবীর মূল বেতন প্রথম ধাপে হবে ৩০ হাজার ৮০০ টাকা। দ্বিতীয় ধাপে তা বেড়ে ৩৭ হাজার ৪০০ এবং তৃতীয় ধাপে ৪৪ হাজার টাকা হবে।

বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে এই গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

২০২৮ সালের জানুয়ারি থেকে ঢাকায় কর্মরত নবম গ্রেডের একজন কর্মকর্তার ৪৪ হাজার টাকা মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া হিসেবে আরও ২২ হাজার টাকা যুক্ত হবে। এর সঙ্গে চিকিৎসা, শিক্ষাসহায়ক, উৎসব ও অন্যান্য ভাতা যোগ হবে। ফলে নতুন যোগ দেয়া একজন কর্মকর্তার মোট বেতন-ভাতা প্রায় ৭০ হাজার টাকা হতে পারে।

দশম গ্রেডে মূল বেতন ১৬ থেকে ৩২ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ম গ্রেডের চাকরিজীবীদের শুরুর মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হবে।

প্রথম ধাপে মূল বেতন হবে ২৪ হাজার টাকা। দ্বিতীয় ধাপে তা বেড়ে ২৮ হাজার এবং তৃতীয় ধাপে ৩২ হাজার টাকা হবে। ইনক্রিমেন্টের মাধ্যমে এ গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হবে ৭৭ হাজার ৩০০ টাকা।

বাড়িভাড়া ও অন্যান্য ভাতা যুক্ত হলে ১০ম গ্রেডের একজন কর্মকর্তা বা প্রধান শিক্ষকের মোট বেতন ৫০ হাজার টাকার বেশি হতে পারে।

১৩তম গ্রেডে বেতন ১১ থেকে ২৪ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে চাকরি শুরু করেন। এত দিন এই গ্রেডের শুরুর মূল বেতন ছিল ১১ হাজার টাকা। নতুন কাঠামোয় তা বেড়ে হবে ২৪ হাজার টাকা।

প্রথম ধাপে নতুন মূল বেতন দাঁড়াবে ১৭ হাজার ৫০০ টাকা। পরবর্তী ধাপগুলো শেষে তা ২৪ হাজারে পৌঁছাবে। ইনক্রিমেন্টের মাধ্যমে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৫৮ হাজার টাকা।

ভাতা যোগ হলে নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হওয়ার পর একজন সহকারী শিক্ষকের মোট বেতন প্রায় ৪০ হাজার টাকা হতে পারে।

২০তম গ্রেডে সবচেয়ে বেশি হারে বৃদ্ধি

নতুন পে-স্কেলে সর্বনিম্ন ২০তম গ্রেডের শুরুর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। ফলে নিম্ন আয়ের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়বে।

নতুন কাঠামোর তিন ধাপ পুরোপুরি বাস্তবায়িত হওয়ার পর বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যুক্ত হলে ২০তম গ্রেডের কর্মচারীদের মোট বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সবার বেতন একই হারে বাড়বে না

নতুন চাকরিজীবীদের বেতন হিসাব তুলনামূলক সহজ হলেও বর্তমানে কর্মরতদের ক্ষেত্রে বিষয়টি জটিল। কারণ তাদের বর্তমান মূল বেতন, ইনক্রিমেন্ট, চাকরির মেয়াদ ও অন্যান্য সুবিধার পার্থক্যের কারণে নতুন কাঠামোয় প্রত্যেকের বেতন আলাদা হবে।

একজন ঢাকায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে তার মূল বেতন ২২ হাজার ৪৫০ টাকা এবং বাড়িভাড়াসহ মোট বেতন প্রায় ৩৬ হাজার টাকা। নতুন কাঠামো অনুযায়ী প্রথম ধাপে তার মোট বেতন প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। সব ধাপ বাস্তবায়ন ও নতুন হারে ভাতা যুক্ত হলে তা ৭০ হাজার টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

পেনশন বাড়বে পাঁচ ধাপে

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার এক টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৭৫ শতাংশ, ২০ হাজার এক টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার এক টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত গ্রহণকারীদের ৬০ শতাংশ এবং ৪০ হাজার এক টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ৫৫ শতাংশ বাড়বে। ফলে যেসব পেনশনভোগী দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির পরিমাণ বেশি হবে।

তবে এগুলো প্রাথমিক হিসাব। নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি কর্মচারীদের বেতন-ভাতার সুনির্দিষ্ট হিসাব জানা যাবে।

এসএস