Recent event

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ | এখন
0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বিভাগীয় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ (রোববার, ১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে অধ্যাপক ড. রবিউল হোসেন জানান, আমি গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে অদ্যাবধি বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে আমি আজ রোববার (১৬ মার্চ ২০২৫) থেকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

তিনি আরো বলেন, ‘আমাকে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘আমরা আবেদনপত্র পেয়েছি। নতুন সভাপতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচিত সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন তিনি শাপলা ফোরামের ব্যানারে তৎকালীন বিতর্কিত নৈরাজ্যবিরোধী মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

এএইচ