আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজার ‘জুলাই শহিদ কবরস্থান’ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
এর আগে, গত মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন। ওই দিন থেকেই তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এ তথ্য নিশ্চিত করেন।
পরদিন গতকাল (বুধবার, ১৫ জুলাই) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও গণমাধ্যমকে জানান, আগামী ৫ আগস্ট জুলাই জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।
সাদিক কায়েম বলেন, ‘জুলাইয়ের পর সরকার গঠন হলে তারা জুলাইয়ের স্পিরিটের পক্ষে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা পুরোপুরি রক্ষা করতে পারেনি। জুলাই বিপ্লবের দুই বছর পরও শহিদদের বিচার চাইতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখনো অনেক শহিদের মরদেহ সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জুলাই শহিদদের স্মৃতি রক্ষার্থে জাদুঘর নির্মাণ করা হলেও, তা এখনো চালু করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি, ৩৬ জুলাই তথা ৫ আগস্টের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা না করে; তার আগেই যেন জুলাই জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।’
রায়েরবাজারে সাদিক কায়েম আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রের একটি অংশ সরাসরি জড়িত ছিল।
তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান।





