রাতে স্প্যানিশদের সামনে ‘দুর্বল’ কেপ ভার্দে; বেলজিয়ামের সামনে মিশর চ্যালেঞ্জ

রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম
রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে হট ফেভারিট স্পেন। প্রথমবার ফুটবলের বৈশ্বিক আসরে খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে আফ্রিকান জায়ান্ট মিশর।

একপাশে রদ্রি, ফেরান তোরেস, পেদ্রির মতো তারকা। অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা কেপ ভার্দে। শক্তিমত্তায় প্রতিপক্ষের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামতে যাচ্ছে স্পেন। ২০২৪ সালে ইউরো জয়ের পর এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট লা রোহারা। প্রথম ম্যাচের আগে স্পেনের সাম্প্রতিক ফর্মটাও চোখে পড়ার মতোই। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে সবশেষ ৩১ ম্যাচেই অপরাজিত তারা। যার মধ্যে জয় এসেছে ২৫ ম্যাচে।

অবশ্য বিশ্বকাপের এ ম্যাচে স্পেন পাবে না নিজেদের সেরা তারকা লামিনে ইয়ামালকে। থাকছেন না নিকো উইলিয়ামসও। ইনজুরি থেকে সেরে উঠলেও তাদেরকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। থাকছেন না ওসাসুনার উইঙ্গার ভিক্টর মুনোজও।

আরও পড়ুন:

কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে পা রাখছে আজ। আফ্রিকা মহাদেশের ১৪তম দেশ হিসেবে গ্রেটেস্ট শো অন আর্থে অভিষেক হচ্ছে তাদের। নিজেদের জমাট রক্ষণের কারণে সবচেয়ে কম গোল ব্যবধানে এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা। স্পেনের আক্রমণ আর কেপ ভার্দের রক্ষণেই নজর থাকবে রাত ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে।

রাতের আরেক ম্যাচে আফ্রিকান ফুটবলের সবচেয়ে সফল দেশ মিশর নামবে বেলজিয়ামের বিপক্ষে। দুই দলের মূল লড়াই হবে দুই উইঙ্গার মোহাম্মদ সালাহ এবং জেরেমি ডকুর মাঝে।

মিশরের ৬০ শতাংশ গোলে অবদান রাখা সালাহ বিশ্বকাপে নিজের দেশকে প্রথম জয় এনে দিতে মরিয়া। পাশে পাচ্ছেন ওমর মারমৌশ, ইমাম আশহোরদের মতো নতুন এক প্রজন্মকে। অন্যদিকে, বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ বিশ্বকাপ আসর হতে যাচ্ছে এবারের আসর। দুই দলের ম্যাচ শুরু হবে রাত ১টায়।

এসএইচ