এমন এক বিশ্বকাপ ক্রিকেট দুনিয়া আগে দেখেনি। আবার কখনো দেখা যাবে কি না, তা নিয়েও আছে প্রশ্ন। বাংলাদেশ নিজেদের সরিয়ে নিয়েছিল নিরাপত্তা অজুহাতে। আর পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে সমর্থন জানিয়ে। এরপর দফায় দফায় বৈঠক আর স্নায়ুযুদ্ধ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জমিয়ে দিয়েছিল নাটকীয়তা।
বিতর্কিত শুরুর পরও ব্যাট-বলের লড়াই জমেছে দারুণভাবে। প্রথমবার বিশ্বকাপে এসে ইতালি চমকে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। নেপালকে ১০ উইকেটে হারানোর পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু ম্যাচ দিয়ে ইতালি জয় করেছে ভক্তদের মন। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে ফিফটি করে রেকর্ড গড়েছেন ইতালির দুই ভাই জাস্টিন মস্কা ও অ্যান্থোনি মস্কা।
আরও পড়ুন:
দল হিসেবে নজর কেড়েছে জিম্বাবুয়েও। একসময়ের ক্রিকেটে দাপট দেখানো রোডেশিয়ানরা এবারের আসরে ফের যেন নিজেদের ফিরে আসার বার্তা দিয়েছে। গ্রুপপর্বে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে পা রেখে ভারতের বিপক্ষেও সমানতালে লড়ে যাওয়া উপভোগ করেছেন দর্শকরা।
এবারের বিশ্বকাপ সাক্ষী হয়েছে এক ম্যাচে দুই সুপার ওভারেরও। শ্বাসরুদ্ধকর সে ম্যাচে যদিও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে আফগানিস্তানকে।
এবারের আসরে রেকর্ড হয়েছে সেঞ্চুরিরও। এর আগে এক বিশ্বকাপে সর্বোচ্চ ২ সেঞ্চুরি দেখা গিয়েছিল ২০১৬ সালে। তবে ২০২৬ সালের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত দেখা মিলেছে ৭ সেঞ্চুরির। ফিন অ্যালেন গড়েছেন বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ডটাও। এক আসরে দুই সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি বিরাট কোহলিকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান।





