আড়াই বছরেরও বেশি সময় পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অনুশীলন করেছে দুই দল।
নিউজিল্যান্ড সিরিজের আগে দেশের ক্রিকেট বোর্ডে ঘটেছে বড় পরিবর্তন। আমিনুল ইসলাম বুলবুলের জায়গায় এখন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। কমিটি বদলে গেলেও দলের মানসিকতায় এর কোনো প্রভাব পড়বে না বলেই জানালেন টাইগার হেড কোচ ফিল সিমন্স।
হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা কি করি, কিভাবে করি তার সাথে এটার কোনো প্রভাব নেই। আমরা যে ক্যাম্পের পরিকল্পনা করছিলাম তা সুন্দরভাবেই শেষ হয়েছে। যদি খেলোয়াড়দের কথা জিজ্ঞেস করেন তাহলে এটার উত্তর তারা ভালো দিতে পারবে। কারণ আমি তাদের মানসিকতায় কোনো পরিবর্তন দেখি নি। তারা যেমন কঠোর পরিশ্রম করে থাকে, এবারও সেটা করেছে। কেউ কেউ আগের থেকেও কঠোর পরিশ্রম করেছে সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে।’
আরও পড়ুন:
লোয়ার অর্ডারে আরও উন্নতির জায়গা দেখছেন সিমন্স। ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের আলাদা পজিশনে খেলা নিয়েও কথা বলেন তিনি।
ফিল সিমন্স বলেন, ‘ব্যাটিংয়ে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। টপঅর্ডার থকে ৬,৭,৮ নম্বর অবধি আমাদের পরিবর্তনের সুযোগ আছে। আর আমরা এটা নিশ্চিত করতে চাই যে এখানে উন্নতি হয়।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততায় মূল দলের কয়েকজনকে ছাড়াই খেলতে এসেছে নিউজিল্যান্ড। তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ সিমন্স। অন্যদিকে নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বিষয়টিকে নিচ্ছেন ইতিবাচকভাবেই।
ফিল সিমন্স বলেন, ‘যেকোনো সিরিজই চ্যালেঞ্জিং। নিউজিল্যান্ড হয়তো ভিন্নভাবে আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে।কিন্তু আমরা সব ধরনের পরিস্থিতির জন্যই নিজেদের প্রস্তুত করেছি।’
নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য ভালো সুযোগ ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করতে। বাংলাদেশ অনেক দক্ষতাসম্পন্ন দল। আপনি অভিজ্ঞতা কিনতে পারবেন না। আমাদের কাছে এটাই সুযোগ এমন কন্ডিশনে খেলে শিখতে থাকা এবং নিজেদের আরও ভালো করে তৈরি করা।’
এদিকে বিগত কিছুদিন ধরেই গ্রীষ্মের তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন তাপমাত্রায় খেলা চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নেবে বলে মনে করেন কিউই হেড কোচ।





