বিপিএলকে বাণিজ্যিক মডেলে আনতে চায় বিসিবি

বিসিবি পরিচালকরা
বিসিবি পরিচালকরা | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বাণিজ্যিক মডেলে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। সেই সঙ্গে উপযুক্ত ফ্র্যাঞ্চাইজ না পেলে বিপিএল না হওয়ারও আভাস দিলেন তিনি।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। প্রতিবছরই নানা আশ্বাসে শুরু হলেও বিপিএলের শেষটা হয় নানাবিধ বিতর্ক দিয়ে। যা নিয়ে বেশ আগে থেকেই সরব ছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এবার বোর্ড সভাপতির পদে বসে বিপিএলের কাঠামোতেই পরিবর্তন আনতে চান সাবেক এই ওপেনার।

চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের ভাবনার কথা জানালেন সহ-সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা।

তিনি বলেন, ‘বিপিএল নিয়ে তো আমি আর তামিম ইকবাল কয়েকদিন আগে একটা প্রেস কনফারেন্স করলাম। এডহক কমিটির সময়। তো আমরা এখনো ওই জায়গাতেই আছি। এখন আমরা যেটা নিয়ে কাজ করছি, ওটা হচ্ছে একটা বিজনেস মডেল। একটা বিজনেস মডেল নিয়ে কাজ করছি এবং ওইটা রেডি হলে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের কাছে পিচ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি আরকি।’

আরও পড়ুন:

তবে প্রস্তাবিত এই বাণিজ্যিক মডেলে পর্যাপ্ত ফ্র্যাঞ্চাইজি পাওয়া না গেলে বিপিএল এক বছরের জন্য স্থগিত থাকতে পারে বলেও জানালেন তিনি।

ফাহিম সিনহা বলেন, ‘আমরা আশাবাদী। বাট যদি ওই ধরনের ছয়টা মিনিমাম পাঁচটা ফ্র্যাঞ্চাইজি আমরা না পাই, তাহলে হয়তো আমরা একটা বছর স্কিপ করতে পারি।’

তবে বিসিবির যেকোনো সিদ্ধান্তই খেলোয়াড়দের কল্যাণেই নেয়া হবে বলে জানিয়েছেন ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, প্লেয়ারদের পেছনে বিনিয়োগ করতে হবে। সেই বিনিয়োগটা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে। আরেকটা জিনিস হলো খেলা মাঠে গড়াতে হবে। রেগুলার খেলাগুলো হতে হবে। খালি ঢাকাতে না, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলাগুলোকে আমাদের মোবিলাইজ করতে হবে। সো এটা হলো মূল জিনিস আরকি। সো এটা আমরা করার চেষ্টা করছি। সময় দিন, মাত্র তো বেশিদিন হয়নি আমরা দায়িত্ব নিয়েছি। কিছু প্ল্যান আমাদের আছে, প্ল্যান নিয়েই আমরা এগোচ্ছি।’

তবে সব ঠিক রেখেই আগামী বিপিএল মাঠে নামবে বলে প্রত্যাশা বিসিবি পরিচালকদের।

এসএস