২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে আরও একবার নিজেদের আধিপত্য ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলো অস্ট্রেলিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এটি তাদের রেকর্ড সপ্তম শিরোপা।
রোববার ঐতিহাসিক লর্ডসে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই অ্যামি জোন্স আর ড্যানি ওয়াটকে হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। এরপর অ্যালিস ক্যাপসি এবং হিদার নাইটও দ্রুত ফিরে গেলে খাদের কিনারায় চলে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ।
তবে ব্যাটারদের যাওয়া আসার মিছিলে ফ্রেয়া কেম্পকে নিয়ে ঘুরে দাঁড়ান ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট সিভার-ব্রন্ট। তার ৫৩ বলে ৫৮ রানের লড়াকু ইনিংসের পাশে ২৮ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফ্রেয়া। পঞ্চম উইকেট জুটিতে তাদের যোগ করা ৮০ রানে মোট ১৫০ রানের লড়াই করার মতো পুঁজি পায় ইংল্যান্ড।
জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই জর্জিয়া ভল ফিরে গেলেও, ইংল্যান্ড বোলারদের পাত্তাই দেয়নি অজি মেয়েরা। ফোবি লিচফিল্ড আর ওপেনার বেথ মুনি তাণ্ডব চালান বোলারদের ওপর। ব্যক্তিগত ৪৮ রানে লিচফিল্ড আউট হলে ভাঙে তাদের শতরানের জুটি।
তবে বেথ মুনি তুলে নেন ক্যারিয়ারের ৩০ তম ফিফটি। ৬৪ রানে যখন তিনি সাজঘরে ফেরেন ততক্ষণে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ ও সিরিজ সেরাও হয়েছে বেথ। বাকি পথটা ৭ উইকেট আর ১৭ বল হাতে রেখে হেসেখেলেই পেরিয়ে যায় এলিসা পেরি ও গার্ডনাররা। স্বাগতিকদের কাঁদিয়ে অজি নারীদের বিজয় উল্লাসে দিয়েই পর্দা নামে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের।
