এ বছর বিপিএল আয়োজন সম্ভব নয়: তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি: এখন টিভি
0

জোড়াতালি দিয়ে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) আয়োজন করার অপরাগতা আগেই জানিয়েছিলেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি তামিম ইকবাল। শেষ পর্যন্ত এ বছর বিপিএল আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম।

বিসিবি সভাপতি বলেন, ‘এ বছর বিপিএল মাঠে গড়াচ্ছে না। আমরা একটি নতুন ফর্মুলা নিয়ে কাজ করছি। যখন ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে, তখন আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব যে আমাদের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারটি আমরা কীভাবে সাজাচ্ছি। এটি বেশ ভিন্নধর্মী ও রোমাঞ্চকর হতে চলেছে।’

তামিম আরও বলেন, ‘আমি আগেই বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলাম যে আমি বিপিএল এভাবে পরিচালনা করব না। এখানে মূলত দুই-তিনটি বড় ইস্যু রয়েছে। প্রথমত, আমাদের মূল এজেন্ডা ছিলো যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করা।’

এর আগে ফিক্সিংজনিত কারণে ২০১৪ সালে প্রথমবার হয়নি বিপিএল। এছাড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় ২০২১ সালেও বসেনি দেশের একমাত্র ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর।

বিপিএল আয়োজন করলে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে সেটা নিয়ে তামিম বলেন, ‘বিপিএল কেন সংকটে পড়ত? রংপুর ও রাজশাহী ছাড়া বাকি দলগুলোর অবস্থা কী? কিছু ক্ষেত্রে নিয়ম-কানুন ও নীতিমালা ভাঙা হয়েছে। যদিও রাজশাহী পেমেন্ট ক্লিয়ার করেছে, তবুও তাদের ক্ষেত্রেও যে শতভাগ কমপ্লায়েন্স বা নিয়মের কড়াকড়ি রক্ষা করা হয়েছে, তা নয়।’

লোকসান গুনে বিপিএল আয়োজন সম্ভব নয় বলছেন বিসিবি সভাপতি, ‘সমস্যা হলো, যদি কোনো দল টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বা কমপ্লায়েন্স পূরণ না করে, তবে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে তো বিসিবির লাভ করার কথা, লোকসান নয়। তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত, লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’

জেআর