‘বিপিএল’ ইস্যুতে নিজের দেয়া পরামর্শ বাস্তবায়ন করলেন তামিম

তামিম ইকবাল
তামিম ইকবাল | ছবি : এখন টিভি
0

সঠিকভাবে চালাতে না পারলে প্রয়োজনে এক বছর বিপিএল স্থগিত করা উচিত। গত বছরই ‘এখন টেলিভিশনে’ দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। বিপিএলকে লাভজনক করার উপায়ও বাতলে দিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার চার মাসের মাথায় বিপিএল স্থগিতের ঘোষণা এরই মধ্যে দিয়েছেন তামিম। আবারও আসরটিকে মাঠে ফেরাতে পারবেন তো?

২৯ নভেম্বর ২০২৫ তামিম ইকবাল বলেন, ‘একটা বছর যদি স্কিপ করতে হয় এটা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে। আপনার প্লেয়ারদের ওই যে ফাইনান্সিয়াল লসটা আপনি অন্যভাবে কাভার করে দেন। আপনার ওই ক্ষমতা আছে।’

২০ আগস্ট ২০২৬ তামিম ইকবাল বলেন, ‘যে আমি এখন এটা আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরা জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু।’

দুটি কথার ব্যবধান ৯ মাসের। প্রথমটি গেল নভেম্বরে এখন টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে। সেসময় ক্রিকেট বোর্ডে ছিলেন না তামিম ইকবাল। কয়েক মাসের ব্যবধানে বিসিবি সভাপতির চেয়ারে বসে যেন নিজের কথারই পুনরাবৃত্তি করলেন তিনি!

বিপিএল স্থগিতের ঘোষণায় ক্রিকেট পাড়ায় তোলপাড়। দেশের ক্রিকেটের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি আসরটি নিয়ে বিতর্ক-সমালোচনা কোনকিছুর কমতি ছিল না কখনোই। এসবের মধ্যেই তামিম ইকবাল জানালেন, বিতর্কিত আসরটি আয়োজনে ফি বছর বোর্ডকে গুণতে হচ্ছে কোটি কোটি টাকার লোকসানও।

তামিম বলেন, ‘একটা টুর্নামেন্টে লাস্ট দুই বছর ৪০ কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, ইটস সাপোজড টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। সো দেয়ার্স সামথিং গোয়িং রং।’

আরও পড়ুন:

তবে বিপিএলকে কিভাবে লাভজনক করা যায় তারও একটি খসড়া টোটকা গেল বছরই দিয়েছিলেন তামিম।

গত বছর তামিম বলেন, ‘বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, আমি এখনও বিশ্বাস করি। ইটস এ গ্রেট প্রোডাক্ট। আপনি প্রত্যেকটা কোম্পানির কাছে যান, কোম্পানি আপনার কাছে আসবে না। আপনি একটা টেন্ডার ছেড়ে দিলেন যে, যারা ইচ্ছুক আসেন, নো। ইউ নিড টু গো টু দ্যাট বিগ করপোরেটস। ইফ ইউ আর দ্য বোর্ড প্রেসিডেন্ট, ইউ হ্যাভ টু গো। এখনও অনেক কোম্পানি আছে বাংলাদেশে, এখনও অনেক ব্যাংক আছে বাংলাদেশে যারা ১৫-২০ কোটি টাকা ক্রিকেটের জন্য প্রতি বছর খরচ করতে পারবে।’

‘বাট রাইট এপ্রোচ। যেকোনো বড় করপোরেটের কাছে যদি আপনি যান, তারা ক্রিকেট ভালোবাসে ফাইন, বাট দে অলসো নিড টু সি যে আজ থেকে হয় আজকে আমার ১০ কোটি টাকা খরচ হতে পারে, কিন্তু পাঁচ নম্বর বছরে আমি ১ কোটি টাকা প্রফিট করছি। বা ৫০ লাখ টাকা আমার প্রফিট হবে বা আমি ব্রেক ইভেনে থাকবো। ওদেরকে যদি আপনি ওই জিনিসটা পুরাটা দেখান, আই এম সিওর দে উইল বি ইন্টারেস্টেড।’

দেড় দশকের বেশিসময় ব্যাট হাতে ক্রিকেট শাসন করা তামিম ইকবালের কাঁধে এখন দেশের ক্রিকেটের গুরুভার। তামিম নিজেই যেহেতু উপায় বাতলে দিয়েছিলেন, বিসিবি সভাপতির চেয়ারে বসে সেসব বাস্তবায়নের দায়িত্বটাও নিতে হবে তাকেই। পূর্ণাঙ্গ কাঠামো নিয়ে লাভজনক আসর হিসেবে আবারও মাঠে হাজির হবে বিপিএল, সেটিই এখন সবার চাওয়া।


এফএস