মিরপুরের অনুশীলনে অনেকদিন পর দেখা মিললো সেই বোলিং মেশিনের। আফগানিস্তান সিরিজের কথা মাথায় নিয়ে কোচ ফিল সিমন্সের চাওয়া ছিল স্পিনিং উইকেটে প্রস্তুতি। ৬ দিনের স্কিল ক্যাম্পের শুরুতেই ব্যাটিং ইউনিটকে চ্যালেঞ্জই যেন জানাতে চাইলেন কোচিং প্যানেল।
তীব্র গরমের মাঝেই চলছে অনুশীলন। কোচ আশরাফুলের ভাষ্য, লম্বা সময় ব্যাটিং-বোলিং করার মানসিকতা বাড়াতেই এমন উদ্যোগ।
বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘লাঞ্চের আগে ২ আওয়ার্স, তারপর লাঞ্চের পরে আরও দেড় ঘণ্টা প্র্যাকটিস করেছি। ব্যাটসম্যানরা যেন লম্বা সময় ব্যাটিং করতে পারে এবং বোলাররাও যেন লম্বা স্পেল বল করতে পারে, সেই প্র্যাকটিসটা আমরা করেছি। সেম কালকেও হয়তোবা আমাদের সেম প্ল্যান থাকবে।’
নাহিদ রানা নেই। পেস বোলিংয়ের জন্য একটু আফসোস করলেও প্রত্যাশা বাকিরা ঠিকই জ্বলে উঠবেন। লম্বা সময় পর স্কোয়াডে ফেরা জাকের আলী অনিককে নিয়েও ইতিবাচক বার্তাই শোনালেন মোহাম্মদ আশরাফুল।
তিনি বলেন, ‘আমাদের বাকি পেস বোলাররাও যারা আছেন ভালো করছেন। যেহেতু অস্ট্রেলিয়ার মাঠে নাহিদ রানা ছিলো না, তারপরও কিন্তু আমরা ডোমিনেট করে একটা টেস্ট ম্যাচ উইন করেছি। সাউথ আফ্রিকা পাঠালেন এ টিমের হয়ে খেললেন, এর মধ্যে আবার জিম্বাবুয়ের সঙ্গেও এ টিমে খেলেছেন, সেখানে পারফর্ম করেছেন। ব্যাটিং তো আমি বলব যে আগে যে রিদমে ছিলো, সেই রিদমেই তাকে দেখা যাচ্ছে।’
আফগানিস্তান টেস্টের আগে জাতীয় দলের সামনে এশিয়ান গেমসের চ্যালেঞ্জ। জাপানের উইকেটের কারিগর বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের সঙ্গী গামিনি ডি সিলভা। আশরাফুল জানালেন, সেখানকার উইকেট বুঝেই প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা।
তিনি আরও বলেন, ‘জাপানে আমরা মেয়েদের ক্রিকেটটা দেখলাম, সেখানে হাই-স্কোরিং ম্যাচ হচ্ছে। উইকেটটা সুন্দর ব্যাটে বল আসছে। গামিনীর সঙ্গে আমাদের—আমার তো কথা হয়নি, হয়তোবা সালাউদ্দিন ভাই উনারা হয়তোবা যোগাযোগ করতে পারেন। আশা করি সেখানে ভালো উইকেট হবে এবং সেইভাবেই আসলে আমাদের ব্যাটসম্যানরা প্রিপারেশন নিচ্ছেন।’
ব্যস্ত এই সূচির মাঝে ভালো খেলার পাশাপাশি দলকে ইনজুরিমুক্ত রাখাটাও অবশ্য চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের জন্য।





