অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের পর ঘরোয়া ক্রিকেটের রঙ ফেরাতে বিসিবি সভাপতি তামিম ইকবালের বিশেষ উদ্যোগ ডমেস্টিক থ্রি। ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের মাধ্যমে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। আর তার আগে দলগুলোর রণকৌশল সাজাতে অনুষ্ঠিত হলো টিম ম্যানেজমেন্ট নিলাম। ব্যতিক্রমী এই আয়োজনে দেশের সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কোচদের নিয়ে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফরচুন গ্রুপ তাদের হেড কোচ হিসেবে বেছে নিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। তার সহকারী হিসেবে থাকছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ওয়ালটনের হেড কোচ আবদুর রাজ্জাক আর সহকারী কোচ তুষার ইমরান। সেভেন রিংস সিমেন্টের গুরুদায়িত্ব তালহা জুবায়েরের কাঁধে। সহকারী কোচ হিসেবে আছেন হান্নান সরকার। একমির প্রধান মাস্টারমাইন্ড রাজিন সালেহ আর এইস ব্লু স্টার আস্থা রেখেছে সোহেল ইসলামের ওপর। সিটিজেন্স ব্যাংকের হেড কোচ মিজানুর রহমান বাবুল।
লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্টে জাতীয় দলের দায়িত্বে থাকা কোচরা সময় দিতে না পারলে থাকছে কোচ পরিবর্তনের সুযোগ।
বিবিসি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমাদের এই যে ডোমেস্টিক ক্রিকেটটাকে নতুন করে ঢেলে সাজানোর ক্ষেত্রে আমাদের যে প্রথম যে উদ্যোগ, ডি থ্রি যে ট্রফি টুর্নামেন্টটা আমরা শুরু করতে যাচ্ছি, আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের যে ড্রাফটের যে পলিসি, এখানে রিপ্লেসমেন্টের সুযোগ আছে। যদি ন্যাশনাল কোনো কমিটমেন্ট বা আনঅ্যাভেলেবিলিটির কোনো কিছু থাকে, টিমগুলো এটা রিপ্লেস করে নিতে পারবে।’
লম্বা সূচি আর দীর্ঘ প্রতিযোগিতার কারণে বিপিএলের চেয়েও বড় আসর হতে যাচ্ছে এই ডি থ্রি টুর্নামেন্ট।
ফরচুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আমি সবসময় বলে থাকি যে এটা আপনারা মনে করতেছেন যে বিপিএল হচ্ছে না, আই ফিল এটা বিপিএলের চেয়ে অনেক বড় একটা টুর্নামেন্ট হবে। আপনারা দেখবেন ইনশাআল্লাহ।’
আয়োজন ও প্রতিযোগিতার দিক থেকে বিপিএলের চেয়েও বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে এই ডি ৩
তিন ফরম্যাটের টুর্নামেন্টের জন্য বছরজুড়ে ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। যাতে উপকৃত হবেন ক্রিকেটাররাও, মত ব্লু স্টার অধিনায়ক নুরুল হাসান সোহানের।
ব্লু স্টার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘যারা আপকামিং প্লেয়ার আছে তাদের জন্য অনেক বড় সুযোগ। কারণ যেহেতু ৮ মাস ধরে খেলা থাকবে এবং তারাও ওইভাবে পার্টিসিপেট করতে পারবে। এট দা সেম টাইম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে যে এরকম শিডিউল অনুযায়ী। এর সঙ্গে যদি ডোমেস্টিক ক্রিকেটে আলহামদুলিল্লাহ ডিপিএল এবং বিপিএল অ্যাড হয়, তো আমার কাছে মনে হয় যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে স্ট্রাকচার এটা আরও অনেক ওপরে যাবে।’





