জয় দিয়ে এনসিএল শুরু খুলনার

প্রথম ম্যাচেই বরিশালকে হারিয়েছে খুলনা বিভাগ
প্রথম ম্যাচেই বরিশালকে হারিয়েছে খুলনা বিভাগ | ছবি: সংগৃহীত
0

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরে জয় দিয়ে অভিযান শুরু করেছে খুলনা বিভাগ। প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ১৩৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। এ ম্যাচের ফল এসেছে মাত্র তিন দিনেই।

নিজেদের মাঠে টস জিতে ব্যাট করে খুলনা প্রথম ইনিংসে গড়ে ৪২৬ রানের বড় সংগ্রহ। কালাম সিদ্দিকী করেন সর্বোচ্চ ৯২, অধিনায়ক মিঠুন ৮৯ আর আফিফ হোসেন করেন ৫০ রান।

বরিশালের হয়ে রুয়েল মিয়া নেন পাঁচ উইকেট। জবাবে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে বরিশাল। ইফতেখার হোসেনের ৪৪ রান ছাড়া কেউই প্রতিরোধ গড়তে পারেননি।

আরও পড়ুন:

দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতা কাটেনি। ১৯৭ রানে গুটিয়ে যায় বরিশাল। ৯১ রানের ইনিংস খেলে একাই লড়েছেন হাফিজুর রহমান। খুলনার হয়ে সফর আলী নেন চার উইকেট, জীবনের শিকার তিনটি। শেষ পর্যন্ত ইনিংস ও ১৩৫ রানের জয়ে আসর শুরু করল খুলনা।

এছাড়া ঢাকার বিপক্ষে ৬২ রানের লিড নিয়েছে রংপুর। আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ১৭ রানের লিড নিয়েছে রাজশাহী এছাড়া সিলেটের বিপক্ষে ১৩২ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ময়মনসিংহ।

এসএইচ