জাতীয় দলের ড্রেসিংরুমে দক্ষিণ আফ্রিকান জুটি রাসেল ডোমিঙ্গো এবং অ্যালান ডোনাল্ড ছিলেন লম্বা সময় ধরে। ২০২৩ সালের বিপর্যস্ত বিশ্বকাপের পর বিদায় নেন দুজনেই। তবে, আরেকটা বিশ্বকাপ যখন দরজায়, তখন আবারও ড্রেসিংরুমে প্রোটিয়া কোচদের সংখ্যা বাড়ার গুঞ্জন।
বোর্ডের ভেতরকার গুঞ্জন, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে যুক্ত হতে পারেন অ্যালান ডোনাল্ড এবং এবি ডি ভিলিয়ার্স। একজনকে দেখা যাবে বোলিংয়ে, আরেকজন যুক্ত হবে ব্যাটিং বিভাগে। দুজনকেই পাওয়া না গেলেও অন্তত একজনকে বোর্ড আনতে আগ্রহী বলে জানিয়েছেন বোর্ডের সংশ্লিষ্ট সূত্র।
দুই কোচই বৈশ্বিক ক্রিকেটে বড় নাম। আগের দায়িত্বে বাংলাদেশের পেস বিপ্লবের শুরু করেছিলেন ডোনাল্ড। সেসময় তার কাজ প্রশংসা কুড়িয়েছিল ব্যাপক আকারে। ডোনাল্ডে তাই নির্ভার বাংলাদেশ। আর এবি ডি ভিলিয়ার্স তর্কসাপেক্ষে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত। এমন কাউকে কোচিং প্যানেলে পাওয়া সাদা বলের ক্রিকেটে বদলে দেবে বাংলাদেশের পুরো চিত্র। সাম্প্রতিক সময়ে কোচিংয়ে এসেছেন। ডি ভিলিয়ার্সকে পেতে তাই কিছুটা বাড়তি জোর দিচ্ছে বিসিবি।
সম্প্রতি আফগানিস্তান একই রীতিতে সাফল্য পেয়েছে ক্রিকেটের বৈশ্বিক আসরে। ২০২৩ সালে পরামর্শক হিসেবে তারা নিয়োগ দেয় অজয় জাদেজাকে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের ক্যাম্পে ছিলেন ডোয়াইন ব্রাভো। ২০২৫ সালে তাদের দলে যুক্ত ছিলেন পাকিস্তানের ইউনিস খান। তিন আসরেই আফগানিস্তানের পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। বাংলাদেশও একই মডেলে নিজেদের সাফল্য বাড়াতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে।
তবে, এই গুঞ্জনের মাঝেই প্রশ্ন উঠেছে মোহাম্মদ আশরাফুল এবং তালহা জুবায়েরকে নিয়ে। মৌখিকভাবে দুজনকেই বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনের কথা জানানো হয়েছিল বোর্ড থেকে। ডোনাল্ড- ডি ভিলিয়ার্স এলে তাদের ভূমিকা কী হবে কিংবা আদতেই তারা দলের সঙ্গে থাকবেন কি না, তাও বড় প্রশ্ন।





