আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে, ইতালিয়ান ফুটবলের জন্য এক বিশাল পরীক্ষা। বার্গামোর স্টাডিও ডি বার্গামোতে মুখোমুখি হবে ইতালি ও উত্তর আয়ারল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনাল।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জন্য এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই। ২০১৮ ও ২০২২ টানা দুই বিশ্বকাপ মিস করার ক্ষত এখনো তাজা। ইউরো জয়ের আনন্দের পরও সেই ব্যর্থতার দাগ মুছে যায়নি আজ্জুরিদের।
কোচ জেনারো গাতুত্সোর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাপ সামলে দলকে সঠিক পথে রাখা। তিনি স্পষ্ট করে দিয়েছেন, খেলোয়াড়দের মাথা ঠাণ্ডা রাখতে হবে, খেলতে হবে আত্মবিশ্বাস নিয়ে।
আরও পড়ুন:
ম্যাচের কৌশলে ইতালির মূল ভরসা মাঝমাঠ। বারেল্লার গতি আর সৃজনশীলতা আক্রমণে প্রাণ আনতে পারে। অন্যদিকে উইং দিয়ে আক্রমণ গড়ে তোলার দায়িত্ব থাকবে ডিমার্কো ও কাম্বিয়াসোর কাঁধে। আক্রমণ ভাগে দুই পরীক্ষিত সেনানী রেতেগুই ও ময়জে কিন গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। গোলরক্ষার দায়িত্বে থাকবেন ডোনারুম্মা।
উত্তর আয়ারল্যান্ড অবশ্য সহজ প্রতিপক্ষ নয়। রক্ষণাত্মক কৌশলে তারা ম্যাচটাকে কঠিন করে তুলতে চাইবে। তাই শুরুতেই গোল পাওয়াটা ইতালির জন্য খুব গুরুত্বপূর্ণ।
কাগজে-কলমে এগিয়ে ইতালি, কিন্তু এ ম্যাচে আসল লড়াইটা হবে স্নায়ুর। ভুলের কোনো সুযোগ নেই, কারণ একটি ম্যাচই নির্ধারণ করবে তাদের বিশ্বকাপের স্বপ্ন বাঁচবে, নাকি আবারও ভেঙে যাবে।
সবার চোখ এখন বার্গামোর দিকে যেখানে লেখা হতে যাচ্ছে ইতালির বিশ্বকাপ ভাগ্যের নতুন অধ্যায়।





