সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করে আগেই সমীকরণ কঠিন করে ফেলেছিল উরুগুয়ে। নক আউট পর্ব নিশ্চিত করতে চাইলে স্পেনের বিপক্ষে জিততেই হতো মার্সেলো বিয়েলসার দলকে। অন্যদিকে ড্র করলেই গ্রুপসেরা হবে স্পেন।
মেক্সিকোর গুয়াদালাহারায় এমন সমীকরণকে সামনে রেখে খেলতে নেমে ভুলে যাওয়ার মতো ম্যাচই উপহার দিয়েছে উরুগুয়ে। পুরো ম্যাচে মাত্র দুটি শট লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ৪২ মিনিটে গোলের দেখা পান অ্যালেক্স বায়েনা। তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
আরও পড়ুন:
জে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার জয়ী দলের সঙ্গে নক আউটে মুখোমুখি হবে স্পেন। দুই দল ড্র করলে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রিয়াকে পাবে ইয়ামাল-তোরেসরা। ম্যাচটি শুরু হবে ৩ জুলাই দিবাগত রাত ১টায়।
উরুগুয়ের হতাশার দিনে রূপকথার গল্প লিখেছে কেপ ভার্দে। সৌদি আরবের সঙ্গে ড্র করে রানার আপ হিসেবে নক আউট নিশ্চিত করেছে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা এই দল। ম্যাচের পুরোটা সময়জুড়ে একেরপর এক আক্রমণ করেছে কেপ ভার্দে। যদিও শেষ পর্যন্ত গোল পায়নি কোনো দলই।
তিন ম্যাচে অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের সামনে এবার আরও বড় পরীক্ষা। বাংলাদেশ সময় আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের আসরের চমকদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল নিজেদের গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছিল। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হিসেবে কেপ ভার্দেই হয়েছে তাদের নকআউটের প্রতিপক্ষ।




