জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা, মেসির নতুন ইতিহাস

গোল করার পর উচ্ছ্বাস মেসির
গোল করার পর উচ্ছ্বাস মেসির | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন গোল করে টানা ৭ বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেয়েছেন মার্তিনেজও। গ্রুপের আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে অস্ট্রিয়া-জর্ডান।

খাতাকলমের হিসেবে গুরুত্বহীন এক ম্যাচ। একদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপসেরা হয়ে নক আউট নিশ্চিত করেছে, অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জর্ডান। এমন ম্যাচেও ফুটবলীয় সৌন্দর্যের সুবাস ছড়াল আকাশী-নীল শিবির।

একাদশে ৯ পরিবর্তন নিয়ে নামলেও আর্জেন্টিনার ছন্দে ছেদ পড়েনি । প্রথম গোলটাও আসে লো সেলসোর দর্শনীয় এক ফ্রি কিক থেকে। এর রেশ না কাটতেই পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান লাউতারো মার্তিনেজ।

আরও পড়ুন

দুই গোলের লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ফিরেই আলবিলেস্তেদের সহজ জয়ের স্বপ্নে মুসা আল তামারির আঘাত। ম্যাচে জর্ডানের সুখস্মৃতি বলতে এটুকুই। ঘণ্টা পেরোতেই দর্শকদের অপেক্ষার অবসান, নামেন লিওনেল মেসি।

মেসি নামবেন আর নতুন ইতিহাস গড়বেন না, তা কি হয়! ৮০ মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ফ্রি কিক থেকে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড গড়েন তিনি। পেছেন ফেলেন ফ্রান্সের জ্যা ফন্তে এবং ব্রাজিলের জার্জিনহোকে। চলতি বিশ্বকাপে এটি মেসির ৬ষ্ঠ গোল। এর সুবাদে মাত্র চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে ফ্রি কিক থেকে জোড়া গোলের রেকর্ড গড়ে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে, গ্রুপের আরেক ম্যাচে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। ৩-৩ গোলের ড্রয়ে গ্রুপ রানার আপ হয়েছে অস্ট্রিয়া। পরের রাউন্ডে দলটির প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে তৃতীয় হয়ে নক আউটে জায়গা করে নেয়া আলজেরিয়া লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

জেআর