টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামছে স্পেন। টুর্নামেন্টে এখনো গোল হজম না করা স্পানিশদের সবচেয়ে বড় শক্তি তাদের সুসংগঠিত রক্ষণ, বল দখল ধরে রেখে খেলার নিয়ন্ত্রণ নেয়ার সামর্থ্য। ফিনিশিংয়ে দুর্বলতা থাকলেও দুর্দান্ত ফর্মে আছেন মিকেল ওইয়ারসাবাল। ইয়ামাল ও পেদ্রির সৃজনশীলতাও হতে পারে ম্যাচের বড় পার্থক্য।
অন্যদিকে পর্তুগালের প্রধান ভরসা ব্রুনো ফার্নান্দেজের প্লেমেকিং, ভিতিনিয়া-নেভেসদের মিডফিল্ড নিয়ন্ত্রণ ও ডিফেন্সে নুনো মেন্দেস-ক্যান্সেলোর দৃঢ়তা। তবে রক্ষণে ধারাবাহিকতার অভাব এবং বল হারানোর পর দ্রুত সংগঠিত হতে না পারা রবার্তো মার্তিনেজের দলের বড় দুর্বলতা। দুই ইউরোপীয় পরাশক্তির মধ্যে কে পায় শেষ আটের টিকিট তার অপেক্ষায় গোটা দুনিয়া।





