ওরাংওটাং, গণিতবিদ কিংবা হাঙর, বিশ্বকাপের চলতি আসরে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ভুল প্রমাণিত হয়েছিল সকলেই। তবে, ব্যতিক্রম হিসেবেই আছে ‘অপ্টার সুপারকম্পিউটার’। বিশ্বকাপ শুরুর আগেই ফুটবলের ডেটা বিশ্লেষণকারী সংস্থাটি জানায়, সেমিফাইনালের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা আছে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনাল শেষে সত্য হলো সম্ভাবনার সেই গাণিতিক সংখ্যাগুলো।
অবশ্য অপ্টার সব সম্ভাবনাই সত্য হয়নি। ব্রাজিল, জার্মানি কিংবা কলম্বিয়ার যাত্রা থেমেছে তাদের গণনার আরও আগেই। তবে, সেমিফাইনালে কারা খেলবে সে অনুমানের দিক থেকে শতভাগ নির্ভুল অপ্টা। ফুটবল ভক্তরা তাই ফাইনালের লাইনআপ কিংবা বিশ্বকাপ জেতার ক্ষেত্রেও ভরসা রাখতে পারেন অপ্টার গণনার দিকে।
সবশেষ সম্ভাব্যতা অনুযায়ী, ফ্রান্স এবং স্পেনের সেমিফাইনাল থেকে ফ্রান্সেরই ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি। এমবাপ্পে-অলিসেদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৭ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে স্পেন ফাইনালে খেলবে সেই সম্ভাবনা ৪২ দশমিক ৩০ শতাংশ। অপর ফাইনালে অবশ্য প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে অপ্টা। ইংল্যান্ডের সম্ভাবনা ৫০ দশমিক ৯৪ শতাংশ। আর ৪৯ দশমিক ৬ শতাংশ সম্ভাবনা আর্জেন্টিনার জন্য।
অপ্টার হিসেব অনুযায়ী, শিরোপাজয়ের প্রশ্নে আপাতত এগিয়ে ফ্রান্সই। জিদান-প্লাতিনির উত্তরসূরীরা বিশ্বকাপ জিতবেন এ সম্ভাবনা ৩৪ শতাংশের বেশি। এরপরেই আছে স্পেন ও ইংল্যান্ড। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ। সেমিফাইনাল পর্যন্ত অনেকটাই নিজেকে প্রমাণ করে আসা সুপার কম্পিউটার বাকি তিন ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারে কি না, সেদিকেই আগ্রহ থাকবে ফুটবল ভক্তদের।





