ফাইনালের আগে ম্যানহাটনে ড্রোন শো, উৎসবে মেতেছে নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে ফুটবলের আমেজ
নিউ ইয়র্কে ফুটবলের আমেজ | ছবি: এখন টিভি
0

ফাইনালের কয়েক ঘণ্টা আগেই বিখ্যাত টাইমস স্কয়ারসহ নিউ ইয়র্কের রাস্তা দখল করে রেখেছে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকরা। জার্সি পরে, পতাকা হাতে নেচে গেয়ে প্রিয় দলকে শুভ কামনা জানাচ্ছেন তারা। এদিকে, ফাইনাল উপলক্ষ্যে ম্যানহাটনে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর ড্রোন শো।

দৃশ্যটি নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের। ঢাক ঢোল পিটিয়ে নেচে-গেয়ে মেসি মেসি ধ্বনিতে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। ফাইনাল শুরুর আগেই গোটা টাইমস স্কয়ার পরিণত হয়েছে এক টুকরো বুয়েন্স আয়ার্সে। সমর্থকদের প্রত্যাশা, মেসির নেতৃত্বে বিশ্বকাপ শ্রেষ্ঠত্ব এবারও ধরে রাখবে আলবিসেলেস্তারা।

আর্জেন্টাইন এক সমর্থক বলেন, ‘মেসি ভালো খেলবে এবং আমাদের বিজয় উদযাপনের সুযোগ করে দেবে। আমরা আশাবাদী।’

শুধু আর্জেন্টাইন সমর্থকরাই নন, নিউ ইয়র্কের আরেক অংশের রাজত্ব এখন স্পেন সমর্থকদের কাছে। জার্সি পরে, পতাকা উড়িয়ে উল্লাস করছেন স্প্যানিশরা। তাদের উন্মাদনায় বাধা হতে পারেনি বৃষ্টিও।

স্পেনের এক সমর্থক বলেন, ‘আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বী হলেও, খেলাটা আকর্ষণীয় হবে। আর দিন শেষে স্পেনই বিজয়ী হবে।’

এদিকে, ফাইনাল উপলক্ষ্যে ম্যানহাটনের লিবার্টি স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর ও চোখ ধাঁধাঁনো ড্রোন শো। রাতের অন্ধকারে ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দুই ফাইনালিস্টের জার্সিসহ বিশ্বকাপের নানা ইতিহাস।

জেআর