২০১৬ সালে পাঁচ হাজার-এক অনুপাতের অসম্ভব সমীকরণ মিলিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে বিশ্ব ফুটবলে চমক তৈরি করেছিল লেস্টার সিটি। পাঁচ বছর পর তারা ঘরে তোলে এফএ কাপও। রূপকথার সেই ‘দ্য ফক্সেস’ এখন গভীর সংকটে।
কিন্তু সেই সোনালি সময় এখন অতীত। ধারাবাহিক ব্যর্থতা, আর্থিক সংকট ও অবনমনে ক্লাবটি ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে নেমে যায়। এরপর চ্যাম্পিয়নশিপেও টিকে থাকতে পারেনি তারা। এবার ক্লাবটির ঠিকানা ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ান।
এই পরিস্থিতিতেই মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কিং পাওয়ার ও শ্রীভদ্ধনপ্রভা পরিবার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে ‘প্রজেক্ট লাইনআপ’ নামে আট পৃষ্ঠার বিক্রয় প্রস্তাবনা।
বিক্রির তালিকায় রয়েছে পুরুষ দলের পাশাপাশি নারী দল, ৩২ হাজার আসনের কিং পাওয়ার স্টেডিয়াম, প্রায় ১২১ মিলিয়ন পাউন্ড মূল্যের সিগ্রোভ ট্রেনিং ফ্যাসিলিটি এবং বেলজিয়ান সহযোগী ক্লাব ওএইচ লিউভেন।
২০১০ সালে মাত্র ৩৫ মিলিয়ন পাউন্ডে লেস্টার কিনেছিল কিং পাওয়ার। দেড় দশকে সেই বিনিয়োগ পরিণত হয়েছিল ফুটবলের অন্যতম আলোচিত রূপকথায়। এখন ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে সেই ক্লাবই বিক্রির পথে।
লেস্টারের নতুন মালিক কে হবেন, সেটিই এখন বড় প্রশ্ন। আর হামজা চৌধুরীর ক্লাবের ভবিষ্যৎ কোন পথে যায়, সেটিও থাকবে ফুটবলপ্রেমীদের নজরে। রূপকথার নায়ক লেস্টার এখন পুনর্গঠনের সন্ধিক্ষণে। নতুন মালিকের হাত ধরে কি আবারও শীর্ষে ফিরতে পারবে দ্য ফক্সেস উত্তর মিলবে সময়ের সঙ্গে।





