এক যুগ পর পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো

জার্স হাতে রোনালদিনহোকে বরণ করে নিচ্ছেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায়
জার্স হাতে রোনালদিনহোকে বরণ করে নিচ্ছেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় | ছবি: সংগৃহীত
0

প্রায় এক যুগ পরে আবারও পেশাদার ফুটবলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে বিশ্বকাপজয়ী এ তারকা এখনই মাঠে ফিরবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফেরার আলোচনায় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়ে গতকাল (বৃহস্পতিবার, ২১ আগস্ট) দেশটিতে পা রেখেছেন ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। এক দশকেরও বেশি সময় পর রোনালদিনহোর প্রতিযোগিতামূলক ফুটবলে পা রাখাকে ঘিরে এরই মধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

রাভেন্নাইয় যোগ দিয়ে প্রেস কনফারেন্সে অবশ্য মাঠে ফেরার বিষয়ে সরাসরি কিছু জানাননি রোনালদিনহো। ক্লাবটির প্রেসিডেন্ট ও নিজের বন্ধু ইগনাজিও চিপ্রিয়ানির সঙ্গে উপস্থিত হয়ে জানান, মূলত বন্ধুত্ব ও ক্লাবের প্রকল্পে সহায়তা করতেই তার এ আগমন।

রোনালদিনহো বলেন, ‘মাঠে খেলতে পারলে তো ভালো হবে। তবে আমি এখানে এসেছি ক্লাবটিকে সাহায্য করতে। মাঠে নামব কি না, সেটা প্রেসিডেন্ট ও কোচের সিদ্ধান্ত।’

রোনালদিনহো সর্বশেষ প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছেন ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে। ক্লাবের হয়ে অন্তত একটি হোম ম্যাচে এ বিশ্বকাপজয়ী তারকাকে খেলানোর আশা করছেন প্রেসিডেন্ট চিপ্রিয়ানি। তিনি জানান, রোনালদিনহো শুধু খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছেন। তার মতে, এ উদ্যোগের লক্ষ্য পুরো শহরকে দলের সঙ্গে সম্পৃক্ত করা এবং নতুন মৌসুম ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করা।

তবে রাভেন্নার মৌসুমের প্রথম ম্যাচে দেখা যাবে না রোনালদিনহোকে। সোমবার রেজ্জিয়ানা’র বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনি থাকছেন না। শেষ পর্যন্ত মাঠে ফিরলে সেটি হতে পারে তাঁর ক্যারিয়ারের ৩০০তম গোলেরও মঞ্চ। যা দেখার এখন অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

জেআর