সাদা-কালোদের সাফল্যই লক্ষ্য নতুন কোচ সান্টিয়াগো ভারেলার

মোহামেডানের নতুন কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলা
মোহামেডানের নতুন কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলা | ছবি: সংগৃহীত
0

মোহামেডানের নতুন কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্টিয়াগো ভারেলার লক্ষ্য একটাই মোহামেডানকে সাফল্য এনে দেয়া। ভারতে দীর্ঘদিন কোচিং করানোর পর এবার বাংলাদেশের ফুটবলে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন এ কোচ। সাদা-কালোদের দায়িত্ব নিয়ে শুরুতেই জানালেন, প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামতে চান তিনি।

নতুন মৌসুমের জন্য আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাব।

উয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলা ২০১৮ সাল থেকেই কাজ করেছেন ভারতের ফুটবলে। এবার মোহামেডানের প্রস্তাব পেয়ে বাংলাদেশে আসাকে দেখছেন ক্যারিয়ারের নতুন সুযোগ হিসেবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী ক্লাবটির সমর্থকদের প্রত্যাশার কথাও মাথায় রাখছেন তিনি।

মোহামেডানের কোচ ফার্নান্দো ভারেলা বলেন, ‘আমি ভারতে ২০১৮ থেকে কাজ করেছি। মোহামেডানের কোচ হিসেবে কাজ করা আমার পরবর্তী লক্ষ্য। যখন মোহামেডান আমাকে অফার করলো, এটা আমার জন্য স্পেশাল ছিলো বিশেষ করে বাংলাদেশের ফ্যানদের জন্য।’

আরও পড়ুন

এক বছরের চুক্তিতে এলেও ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চান না ভারেলা। বরং তার পুরো মনোযোগ দল গুছিয়ে প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেয়ার দিকে।

ফার্নান্দো ভারেলা আরও বলেন, ‘আমি প্রতিদন্দ্বীতা করতে পছন্দ করি। আমি যেখানেই কোচিং করেছি, আমি জিততে পছন্দ করি। এখানেও আমি জিততে চাই।’

বাংলাদেশের ফুটবলের সঙ্গে অবশ্য আগেও পরিচয় হয়েছে তার। ২০১৯ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এসে আবাহনীর বিপক্ষে খেলেছিলেন। এবার অবশ্য দায়িত্ব আরও বড় মোহামেডানকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

ফার্নান্দো ভারেলা বলেন, ‘আমি ফোকাস করতে চাই খেলোয়াড়দের ব্যাপারে, পরবর্তী চ্যালেঞ্জের ব্যাপারে। আমরা ম্যাচ বাই ম্যাচ আগাতে চাই। খেলোয়াড়দের সঙ্গে মিটিং করা এবং ট্রেনিংয়ে নিজেদের সর্বোচ্চটা দেয়া গুরুত্বপূর্ণ।’

ভারেলার চোখে বাংলাদেশের ফুটবলও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই নতুন এ চ্যালেঞ্জে তার প্রত্যাশা পরিষ্কার; খেলোয়াড়দের সেরাটা বের করে এনে, ম্যাচ বাই ম্যাচ জয় তুলে নেওয়া।

জেআর