আন্তর্জাতিক বিরতি শেষে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা-রিয়াল

ক্লাব ফুটবল
ক্লাব ফুটবল | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক বিরতির শেষে আবারো মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। লা লিগায় আজ (শনিবার, ১০ অক্টোবর) আলাদা ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সার প্রতিপক্ষ গেতাফে, আর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ভিয়ারিয়ালের মুখোমুখি রিয়াল। তবে মাঠের ফুটবলের পাশাপাশি দুই ক্লাবের সংবাদ সম্মেলনেই উঠে এসেছে খেলোয়াড়দের ইনজুরি আর অফ-ফিল্ড বিতর্ক।

জাতীয় দলের ব্যস্ততা শেষে নিজ নিজ ক্লাবে ফিরেছেন তারকারা। রিয়াল মাদ্রিদের প্রধান কেন্দ্রবিন্দুতে যথারীতি কিলিয়ান এমবাপ্পে। জাতীয় দলের দায়িত্ব পালনে গিয়ে ইনজুরিতে পড়েন এমবাপ্পে। ফ্রান্স দল থেকে ছিটকে পড়ে সুইজারল্যান্ডে বাইসাইকেল চালানোর বিতর্ক নিয়ে যখন সংবাদমাধ্যম উত্তপ্ত, তখন কড়া ভাষাতেই নিজের খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন রিয়াল কোচ হোসে মরিনিও।

এমবাপ্পেকে একাদশে রাখার নিশ্চয়তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারকা এই ফরোয়ার্ডের কোনো ভুল তিনি দেখছেন না তিনি।

রিয়াল কোচ হোসে মরিনিও বলেন, ‘এমবাপ্পেকে নিয়ে যে গুঞ্জন চলছে, তা শুধু অতিরঞ্জিতই নয়, রীতিমতো হাস্যকর। ও এই ম্যাচে শুরু থেকেই খেলবে, এমনকি বেঞ্চেও বসবে না। কারণ আমি নিশ্চিত-এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে হতাশ করেনি এবং নিজের দায়িত্বেও কোনো অবহেলা করেনি।’

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ যখন মাঠের বাইরের বিতর্কের জবাব দিতে প্রস্তুত, তখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা শিবিরে ইনজুরির দুশ্চিন্তা। মৌসুমে দারুণ ছন্দে থাকা ব্রাজিলিয়ান তারকা রফিনিয়াকে পায়ের চোটের কারণে পরবর্তী দুই ম্যাচে পাচ্ছেন না কোচ হ্যানসি ফ্লিক।

ফলে আজ গেতাফে এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গালতাসারিয়ার বিপক্ষে বাইরে থাকতে হচ্ছে তাকে। তবে প্রতিভাবান তরুণ লামিনে ইয়ামালের দুর্দান্ত ফর্ম আর স্প্যানিশ জাতীয় দলের সঙ্গে সুন্দর সমন্বয় নিয়ে বেশ স্বস্তিতেই আছেন বার্সা কোচ।

বার্সা কোচ বলেন, ‘রফিনিয়ার বড় কোনো ইনজুরি নয় তবে হালকা চোট রয়েছে। গত মৌসুমেও এমন সমস্যায় ভুগেছিল বলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিচ্ছি না। তাই আগামী দুটি ম্যাচে ওকে পাওয়া যাবে না। তবে দল যেভাবে এগোচ্ছে এবং তরুণদের মানসিকতা দেখে আমি সত্যিই আনন্দিত।’

চলতি মৌসুমে ৭ ম্যাচের সব কটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নজর জয় দিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনা।

জেআর