সিটি-পিএসজি মহারণ; রিয়ালের প্রতিপক্ষ রোমা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ (বুধবার, ১৪ অক্টোবর) রাতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। দুই দলের সাম্প্রতিক ফর্ম আর আবহ মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। রাতে আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ লাস্ক। এছাড়া ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা নেবে রোমা।

গত দেড় দশকে ইউরোপিয়ান ফুটবলে আলাদা পরিচয় তৈরি করেছে ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেইন্ট জার্মেইন। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ ডে-র সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইয়ে রাতে মুখোমুখি দুই জায়ান্ট।

লিগে দুই দলই আছে উড়ন্ত ফর্মে। ইউসিএলেও নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে জয়ের দেখা। ২০২৫ সালের জানুয়ারিতে নিজেদের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তবে সামগ্রিক হিসেবে সাত ম্যাচে চার জয়, এক ড্র ও দুই হারে এগিয়ে সিটি।

সিটির আক্রমণে আর্লিং হালান্ডের গতির সঙ্গে রায়ান শেরকির সৃজনশীলতা হতে পারে বড় অস্ত্র। অন্যদিকে, পিএসজির দ্রুত আক্রমণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ সামলানোই হবে সিটির রক্ষণভাগের বড় পরীক্ষা। দুই শিবিরেই ইনজুরি নিয়ে নেই অস্বস্তি। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই নামবে ম্যানসিটি-পিএসজি।

অন্যদিকে লিগে শেষ ম্যাচে হারের অভিজ্ঞতা নিয়ে রাতে নামছে লিভারপুল। প্রতিপক্ষ অস্ট্রিয়ার দল লাস্ক। ইঞ্জুরি সমস্যায় জর্জরিত অলরেড শিবির। কোডি গাকপো, আলেক্সান্ডার ইসাক, ডমিনিক সোবোসলাই, হুগো একিতিকে সহ আরও কয়েকজন খেলোয়াড় চোটের কারণে বাইরে। তবে টানা চার ম্যাচে জয়হীন লাস্কের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে লিভারপুল।

রাতে আরেক ম্যাচে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে রোমার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। দুই দলেই আছে ইনজুরি সমস্যা। প্রথম ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারানো রিয়াল জয়ের ধারা ধরে রাখতে চাইবে। তবে লস ব্লাঙ্কোদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত মৌসুমে এখনো অপরাজিত রোমা। এখন পর্যন্ত ১২ দেখায় আট জয় নিয়ে এগিয়ে রিয়াল। রোমার জয় তিনটি, ড্র একটি।

জেআর