জয়ের রাতেই মাথায় চোট নিয়ে হাসপাতালে মার্তিনেজ

এমিলিয়ানো মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ | ছবি: সংগৃহীত
0

এভারটনের বিপক্ষে জয়ের রাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে চেলসির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান এই আর্জেন্টাইন। মাঠে লম্বা সময় চিকিৎসার পর সরাসরি হাসপাতালে নেয়া হয় তাকে।

প্রায় ৯ মাস পর লিগ ম্যাচে ক্লিনশিট। চেলসির জন্য ব্যাপারটা উদযাপন করার মতোই। কিন্তু যার কল্যাণে চেলসির গোলবার অক্ষত, সেই এমি মার্তিনেজ এখন হাসপাতালে।

এভারটনের বিপক্ষে ম্যাচটা চেলসি শেষ করেছে ২-০ গোলের জয়ে। তবে, ম্যচের ৬৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। দ্বিতীয়ার্ধে হাওয়ায় ভাসানো বল পাঞ্চ করতে গিয়ে এভারটন ডিফেন্ডার জ্যারড ব্রাথওয়েটের সঙ্গে সংঘর্ষ হয় তার। সঙ্গে সঙ্গেই দুজনকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। ব্রাথওয়েট সেরে উঠলেও মাঠে প্রায় ৯ মিনিট ধরে চলে এমির শুশ্রুষা। কিন্তু, শেষ পর্যন্ত অবস্থা বেগতিক থাকায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকে।

এর ঘণ্টাখানেক পরেই জানা যায় গুরুতর আঘাতের জেরে চোয়ালে অস্ত্রোপচার করতে হয়েছে এমির। সহসাই মাঠে ফেরা হচ্ছে না আর্জেন্টাইন এই গোলরক্ষকের। অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোয়াল ভেঙে যাওয়ায় তাৎক্ষণিক অস্ত্রোপচার করানো হয়। অন্তত ৬-৭ সপ্তাহ তাকে দেখা যাবে না গোলবারের নিচে।

বর্তমান অবস্থায় ক্লাবের পাশাপাশি নভেম্বরে আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচও মিস করতে যাচ্ছেন এমি মার্তিনেজ। সব ঠিক থাকলে ডিসেম্বরে আবার ফিরবেন মাঠে।

জেআর