জার্মান গণমাধ্যমের খবর, গতকাল অনুশীলন চলাকালে আকস্মিকভাবেই মাঠে ঢলে পড়েন বায়ার্ন মিউনিখের বেলজিয়ান কোচ ভিনসেন্ট কোম্পানি। তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা দেয়া হয় টিম ফিজিওর মাধ্যমে। তবে, অবস্থার উন্নতি না হওয়ায় মাঠেই আনা হয় এয়ার অ্যাম্বুলেন্স। এরপর হাসপাতালে ভর্তি করানো হয় বায়ার্ন কোচকে।
ক্লাবের পক্ষ থেকে দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, জটিল শারীরিক সমস্যা দেখা দিলেও আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন ভিনসেন্ট কোম্পানি। সম্প্রতি এক ভাইরাল ইনফেকশন এবং হিপ ইনজুরির পর বিশ্রাম না নেয়ার কারণেই এমন জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যমগুলো।
এরইমাঝে হাসপাতালে একাধিক পরীক্ষা করানো হয়েছে সাবেক এ বেলজিয়ান তারকার। ক্লাবের পক্ষ থেকেই তার চিকিৎসার তদারকি করা হচ্ছে বলেও জানিয়েছে বায়ার্ন মিউনিখ। কোম্পানির অনুপস্থিতিতে তার কোচিং প্যানেলের বাকি সদস্যরাই দলের দায়িত্ব গ্রহণ করবে।





