খেলা নিয়ে ব্যস্ততা বেড়েছে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের। সকালে ম্যারাথনের আয়োজন তো দুপুরে হকি ও কাবাডি দলের সাথে করলেন সাক্ষাৎ। সাথে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও।
এশিয়ান গেমস কোয়ালিফায়ারে রৌপ্য পদক জিতেছে জাতীয় নারী হকি দল। এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয় করেছে জাতীয় নারী কাবাডি খেলোয়াড়রা। তাদের সংবর্ধনা দিতেই মূলত এদিন জাইমা রহমান হাজির হন ফ্যালকন হলে। এসেই সরাসরি চলে যান খেলোয়াড়দের কাছে। প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা।
আরও সাফল্যের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে মাঠের আবেদন করেন ফেডারেশন কর্তারা। চাহিদা অনুযায়ী আশ্বাসও দেন আমিনুল হক। জানান মন্ত্রণালয় ও বর্তমান সরকার সব ধরনের খেলাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
আরও পড়ুন:
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা হকির জন্য ছোট ছোট ফুটসালের মতো আমরা গ্রাউন্ড করবো। যাতে আমাদের ফাইভ এ সাইড যে হকি খেলার যে প্রবণতা বা হকি খেলার জন্য যেই সুযোগ সুবিধা করা দরকার সেটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করবো পর্যায়ক্রমে।’
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আরও জানান, আগামী জুনের মধ্যে আরও ২০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনার কাজ করছে মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা প্রায় ৩০০ জন খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করেছি। ইনশাআল্লাহ আমরা জুনের পরে আরও ২০০ জনসহ প্রায় ৫০০ জনকে আমরা এই পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া কার্ড এবং ক্রীড়া ভাতা প্রদান করবো।’
অনুষ্ঠানে জাতীয় নারী কাবাডি দল ও জাতীয় নারী হকি দলকে তাদের সাম্প্রতিক সাফল্যের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ লাখ টাকা করে অর্থ পুরষ্কার দেয়া হয়।





