আসিয়ান কাপ হতে পারে বাংলাদেশের সামর্থ্য যাচাইয়ের বড় মঞ্চ: বিপ্লব ভট্টাচার্য

বিকেএসপির গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য
বিকেএসপির গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য | ছবি: এখন টিভি
0

আসিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ পাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো র‍্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি ফুটবলারদের মান বাড়াতেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

আসিয়ান কাপকে সামনে রেখে বৃহস্পতিবার ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) হয়েছে কঠোর অনুশীলন।

তবে ফিফার অর্থায়নে হতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ ইতিবাচকভাবেই দেখছেন বিপ্লব ভট্টাচার্য। সাফের আগে এমন টুর্নামেন্ট খেলায় নিজেদের প্রস্তুতি আরও ভালো হবে বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও বিকেএসপির বর্তমান গোলকিপিং কোচ।

বিকেএসপির বর্তমান গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘আসিয়ান গেমসের মতো টুর্নামেন্টে খেলতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বিশেষ করে যদি দেখেন, সামনে সাফ আছে বাংলাদেশের। সাফের আগে এত বড় একটা টুর্নামেন্ট খেলা—এটা আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ।’

আরও পড়ুন

আসিয়ান কাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে রয়েছে র‌্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ। আর সেটা ভবিষ্যতের ফিফা বাছাইসহ বাকি প্রতিযোগিতায় এগিয়ে দিতে পারে বাংলাদেশকে।

বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘এ টুর্নামেন্টে ফোকাস করা উচিত। বিশেষ করে এই তিনটা দলের সঙ্গে যদি আমরা ভালো করতে পারি—আমরা ফিফা র‍্যাঙ্কিংয়ের কথা বলছি, যেটা উইন্ডো, এ তিনটা ম্যাচই কিন্তু আমাদের উইন্ডোর মধ্যে কাউন্ট হবে। তাই আমার মনে হয় এখানে যদি বাংলাদেশ ভালো ফুটবল খেলে তাহলে আমাদের র‍্যাঙ্কিংটা ভালো হবে।’

তবে, আসিয়ানে খেলার আগে প্রায় ৩ মাস প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে জাতীয় দলের তারকারা। পিছিয়ে গেছে ঘরোয়া লিগও। তাতে ফুটবলের ফিটনেস আর গেম এনভায়রনমেন্ট কিছুটা ক্ষতির মুখে পড়লেও দেশের ফুটবলের স্বার্থে বাফুফের সিদ্ধান্তের পক্ষেই মত বিপ্লবের।

বিপ্লব ভট্টাচার্য আরও বলেন, ‘বাফুফে কিন্তু অবশ্যই ভালো চিন্তা করেই হয়তো লিগটা পিছিয়েছে। বসুন্ধরার মতো দল, ঢাকা আবাহনীর মতো দল যদি না খেলে, তাহলে প্রিমিয়ার লিগের জৌলুস কমে যাবে। তাই আমার মনে হয় যে ফিফার যে একটা নীতিমালা আছে, সেই নীতিমালা ওয়াইজই কিন্তু ফেডারেশন ফলো করছে।’

সব জটিলতা দূর করে শক্তিশালী ঘরোয়া ফুটবলের অপেক্ষায় বিপ্লব ভট্টাচার্য। একইসঙ্গে আসিয়ান কাপে জাতীয় দলের ভালো ফলাফলের প্রত্যাশায় তিনি।

জেআর

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!