মেসির ইনজুরি নিয়ে সুখবর দিলেন স্কালোনি

লিওনেল স্কালোনি
লিওনেল স্কালোনি | ছবি: সংগৃহীত
0

লিওনেল মেসির ইনজুরি নিয়ে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, আগের থেকে উন্নতি করেছেন মেসি। দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিচ্ছেন মেসি, খেলছেন সতীর্থদের সঙ্গে ম্যাচও।

ইনজুরির শঙ্কা নিয়ে ফেভারিট দলগুলোর মধ্যে প্রায় সবার শেষেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে আর্জেন্টিনা। লিওনেল মেসিসহ বেশ ক’জন ইনজুরিপ্রবণ ফুটবলারদের নিয়ে চতুর্থ বিশ্বকাপ জয়ের যাত্রা শুরু করেন স্কালোনি বাহিনী।

তবে বিশ্বকাপের শেষ দিকে এসে ইনজুরিতে থাকা ফুটবলারদের নিয়ে সুখবর দিয়েছেন আর্জেন্টিনার মাস্টার মাইন্ড স্কালোনি। মেসির ইনজুরি নিয়েও দিয়েছেন বার্তা। তিনি জানিয়েছেন, আগের থেকে অনেক ভালো আছেন তিনি।

জাতীয় দলে যোগ দেয়ার আগে নিজের ক্লাব ইন্টার মায়ামির শেষ ম্যাচে বাম পায়ের পেশিতে চোট পান লিও। তখনই ক্লাবের পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপের আগেই সেড়ে উঠবেন বিশ্বকাপজয়ী এ তারকা। আগামী ১৬ জুন গ্রুপপর্বের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সেড়ে উঠবেন মেসি।

আরও পড়ুন:

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এসে দলের সঙ্গেই অনুশীলন করছেন মেসি। দিনদিন উন্নতি করছেন তিনি। এমনকি প্রীতি ম্যাচেও কিছু সময় মেসিকে খেলানোর কথা ভাবছেন স্কালোনি।

শুধু মেসি নয় ইনজুরিতে থাকা লিয়ান্দ্রো পেরাদেস, নাহুয়েল মলিনা, নিকো পাজ ও গঞ্জালো মন্তিয়েলকে নিয়েও সুখবর দিয়েছেন স্কালোনি। চোট থেকে সেড়ে উঠতে তাদেরকে আলাদা করে অনুশীলন করাচ্ছেন কোচিং স্টাফরা।

মেসি বাদে যারা ইনজুরির তালিকায় আছেন, তাদের নিয়ে ঝুঁকি নেবেন না স্কালোনি। তাইতো এ মাস্টার মাইন্ড সাফ জানিয়ে দিয়েছেন, প্রীতি ম্যাচে তাদেরকে দেখা যাবে না।

রোববার (৭ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলেজ স্টেশন কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর আগামী মঙ্গলবার (৯ জুন) আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয় বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এসএইচ